প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৩ নভেম্বর, ২০২৬

কফিনবন্দী হয়ে ফিরলেন প্রবাসী, অশ্রুসিক্ত বিদায়

স্টাফ রিপোর্টার :: পরিবারের ভাগ্য পরিবর্তন ও স্বজনদের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে পাঁচ বছর আগে পাড়ি জমিয়েছিলেন ওমানে। প্রবাসে কঠোর পরিশ্রম করে গড়ছিলেন পরিবারের সুন্দর ভবিষ্যৎ। স্বপ্ন ছিল বড় মেয়ের বিয়ে ধুমধাম করে দেবেন। বিয়ের সব আয়োজনও সম্পন্ন হয়েছিল। কিন্তু সেই আনন্দের মুহূর্ত দেখার আগেই নিভে গেল জীবনপ্রদীপ। পাঁচ বছর পর জীবিত নয়, দেশে ফিরলেন কফিনবন্দী হয়ে। প্রিয় মানুষটির নিথর দেহ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা। অশ্রুসিক্ত নয়নে তাকে শেষ বিদায় জানান সবাই।

রোববার (১৫ নভেম্বর) ওমানে স্ট্রোক করে মারা যান মোহাম্মদ আজমির উদ্দিন। মৃত্যুর পাঁচ দিন পর সোমবার (২৩ নভেম্বর) সকালে তার মরদেহ গ্রামের বাড়ি নিঝুমদ্বীপে পৌঁছায়। পরে কফিনবন্দী মরদেহ বাড়িতে নেয়া হলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহত মোহাম্মদ আজমির উদ্দিন হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বান্দাখালী গ্রামের মৃত নবির উদ্দিনের ছেলে। তিনি গত পাঁচ বছর ধরে ওমানে জেলে হিসেবে কর্মরত ছিলেন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানো এবং সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে ওমানে পাড়ি জমান আজমির উদ্দিন। সেখানে কঠোর পরিশ্রম করে পরিবারের ভরণপোষণের দায়িত্ব পালন করছিলেন তিনি। সম্প্রতি তার বড় মেয়ে নিপা আক্তারের বিয়ের সব আয়োজনও সম্পন্ন হয়েছিল। আর মাত্র এক সপ্তাহ পরই বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু মেয়ের বিয়েতে বাবার আনন্দে শামিল হওয়ার স্বপ্ন আর পূরণ হলো না। বিয়ের আগেই বাবাকে হারিয়ে শোকে স্তব্ধ পুরো পরিবার।
ওমানে অবস্থানরত প্রবাসী রাজু উদ্দিন জানান, আজমির উদ্দিন বসে থাকা অবস্থায় হঠাৎ পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দা মো. সমির উদ্দিন বলেন, আজমির উদ্দিন দীর্ঘদিন ধরে পরিবারের জন্য প্রবাসে কঠোর পরিশ্রম করেছেন। তার মৃত্যুর খবর পুরো এলাকার মানুষকে শোকাহত করেছে। মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

নিঝুমদ্বীপের বাসিন্দা কেফায়েত হোসেন বলেন, পরিবারের সুখ-স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে দীর্ঘদিন প্রবাসে পরিশ্রম করেছেন আজমির উদ্দিন। যে মানুষটি পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে বিদেশে গিয়েছিলেন, শেষ পর্যন্ত তাকে ফিরতে হলো কফিনবন্দী হয়ে। এ শোক মেনে নেয়া অত্যন্ত কঠিন।

এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবু দাস বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। পরিবারের হাল ধরতে আজমির উদ্দিন প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার সেই স্বপ্ন পূরণ হলো না। অশ্রুসিক্ত নয়নে তাকে শেষ বিদায় জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

আরও পড়ুন

  • . এর আরও খবর