প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ নভেম্বর, ২০২৬

হৃদয়বানদের সাহায্যে বাঁচতে পারে মেধাবী ছাত্র ও তরুণ নেতা নাঈমের প্রাণ

উপজেলা সংবাদদাতা, চাটখিল :: মরণব্যাধি কোলন ক্যান্সারের সাথে দীর্ঘ এক বছর ধরে লড়াই করছেন নোয়াখালীর চাটখিলের মেধাবী শিক্ষার্থী ও তরুণ ছাত্রনেতা নূর আলম নাঈম। চিকিৎসায় ইতোমধ্যে সর্বস্বান্ত হয়ে পড়েছে তাঁর মধ্যবিত্ত পরিবার। এখন উন্নত চিকিৎসা ও জরুরি অস্ত্রোপচারের জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ, যা জোগাড় করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের সহযোগিতা চেয়েছেন নাঈম ও তাঁর স্বজনেরা।

চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আব্দুর রবের সন্তান নূর আলম নাঈম নোয়াখালী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। পাশাপাশি তিনি চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মেধাবী ছাত্র ও দক্ষ সংগঠক হওয়ার পাশাপাশি এলাকায় একজন জনপ্রিয় গৃহশিক্ষক এবং ভালো ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবেও তাঁর বেশ সুনাম রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত এক বছরে নাঈমের চিকিৎসায় তাঁর পরিবারের প্রায় ১২ লাখ টাকা ব্যয় হয়ে গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁকে পুরোপুরি সুস্থ করে তুলতে হলে জরুরি ভিত্তিতে একটি জটিল অস্ত্রোপচার (অপারেশন) এবং আরও ৮টি কেমোথেরাপি দিতে হবে। প্রতিটি থেরাপির পেছনেই ব্যয় হবে প্রায় ৮০ হাজার টাকা। দেশে রেখে এই চিকিৎসা চালিয়ে যেতে আরও ১২ থেকে ১৩ লাখ টাকা প্রয়োজন। তবে উন্নত চিকিৎসার জন্য চীনে নিয়ে গেলে খরচ পড়বে প্রায় ২০ লাখ টাকা।

নাঈমের অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করে চাটখিল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব হোসেন রাজ বলেন, নাঈম আমাদের অত্যন্ত নিবেদিতপ্রাণ, সাহসী ও পরিশ্রমী একজন সহযোদ্ধা। রাজপথের এই তরুণের এমন কঠিন সময়ে আমরা সবাই মর্মাহত। তাঁর পরিবারের একার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া আর সম্ভব নয়। তাই মেধাবী এই তরুণকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনতে দলীয় নেতাকর্মীসহ সমাজের সকল বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি।

দীর্ঘ চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়া পরিবারটি এখন দিশেহারা। একজন সম্ভাবনাময় তরুণের অকাল মৃত্যু ঠেকাতে এবং তাঁকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দেশ-বিদেশের সকল দানশীল, বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা ও দোয়ার আবেদন জানিয়েছে নাঈমের পরিবার।

আরও পড়ুন

  • . এর আরও খবর