
আবু জাফর মোহাম্মাদ আলী জনী, স্টাফ রিপোর্টার :: জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ, অক্টোবর-২০২৬ উপলক্ষে মাঠপর্যায়ের নিয়োগ পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের অংশগ্রহণে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় জেলা পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল মনিরুল হক হলে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি এন এম নাসিরুদ্দিন। তিনি মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের বাংলাদেশ পুলিশে নিয়োগ নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পুলিশ হেডকোয়ার্টার্সের দেওয়া বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে নিয়োগ কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন।
এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং নিয়োগ পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, টিআরসি নিয়োগ, অক্টোবর-২০২৬-এর মাঠপর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের আগামী ২২ নভেম্বর সকাল ৭টার মধ্যে প্রয়োজনীয় সব কাগজপত্রসহ জেলা পুলিশ লাইন্সের প্রধান ফটকের সামনে সারিবদ্ধভাবে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে জেলা পুলিশ।
আপনার মতামত লিখুন :