
উপজেলা সংবাদদাতা, সুবর্ণচর :: দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেও সুবর্ণচরে গত ১২ নভেম্বর আলোচিত সড়ক দুর্ঘটনায় নিহত তিন বন্ধু শাহাদাত, করিম ও শামীমের কবর জিয়ারত ও আর্থিক সহযোগিতা প্রদান করলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান। এসময় নিহতের পরিবারকে নগদ অর্থ প্রদান করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সব সময় তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন৷ আজ সকালে তিনি সুবর্ণচর এসে তাদের কবর জিয়ারত করেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন। এ সময় সুবর্ণচর উপজেলার দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১২ নভেম্বর (বৃহস্পতিবার) সুবর্ণচরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের গার্ডার ও পাশের বৈদ্যুতিক পিলারে ধাক্কা লেগে তিন বন্ধুর মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন দশম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার দিন বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরজব্বার ইউনিয়নের কাঞ্চন বাজার এলাকায় নতুন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের বাসিন্দা মো. কামাল উদ্দিনের ছেলে আব্দুল করিম (১৭), মো. আবু তাহেরের ছেলে শাহাদাত (১৯) ও রফিকুল ইসলামের ছেলে মো. শামীম (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা শেষে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার সমুদ্রসৈকতে ঘুরতে যাচ্ছিলেন। পথে কাঞ্চন বাজার এলাকার নতুন ব্রিজ পার হওয়ার সময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় মোটরসাইকেলটি ব্রিজের গার্ডারে ধাক্কা খেয়ে পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপরজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত আব্দুল করিম পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। শাহাদাত ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। অপর নিহত শামীম পরিবারের সঙ্গে বসবাস করতেন।
পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ছালেহ উদ্দিন বলেন, নিহত আব্দুল করিম তাঁর প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। দুর্ঘটনার দিন সে নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়েছিল। খোঁজ নিয়ে জানা গেছে, পরিবারের অজান্তে আরও দুই বন্ধুকে নিয়ে আলেকজান্ডার সমুদ্রসৈকতে ঘুরতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতালে পাঠানো হয়। নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে তখন মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছিল। আজ এমপি মহোদয় এসে নিহতদের কবর জিয়ারত করেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন।
আপনার মতামত লিখুন :