প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৪ নভেম্বর, ২০২৬

অবমূল্যায়নের অভিযোগ তুলে জামায়াতে গেলেন কোম্পানীগঞ্জের দুই যুবদল নেতা

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ :: দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গ ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে নাম লেখালেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার জাতীয়তাবাদী যুবদলের দুই নেতাকর্মী।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণ করে ফেসবুকে ছবি প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন দলে যুক্ত হন তারা।

নতুন করে জামায়াতে যোগ দেওয়া দুইজন হলেন চরপার্বতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও আসন্ন ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী সাহাব উদ্দিন এবং একই এলাকার বাসিন্দা মনির আহমদের ছেলে যুবদল কর্মী টিপু সুলতান।

নিজেদের এই দলবদলের পেছনে পুরোনো দলের অবহেলাকেই দুষছেন সাহাব উদ্দিন ও টিপু সুলতান।

নিজেদের অবস্থান ব্যাখ্যা করে সাহাব উদ্দিন ও টিপু সুলতান জানান, ‘দলের কঠিন সময়ে আমরা রাজপথে সক্রিয় ছিলাম, কিন্তু অনুকূল সময়ে আমাদের খোঁজখবর নেওয়া হয়নি বা প্রাপ্য মূল্যায়ন করা হয়নি। বিপরীতে স্থানীয় ইউনিয়ন জামায়াতের আমির আমাদের পাশে দাঁড়িয়েছেন ও খোঁজখবর রেখেছেন। সে কারণেই জীবনের এই পর্বে এসে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তাদের যোগদানের সত্যতা নিশ্চিত করে চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের আমির কাজী মোহাম্মদ হানিফ সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, আল্লাহ তাদের কবুল করুন।

তবে যোগদানকারীদের এই অভিযোগ নাকচ করে দিয়ে দলবদলের নেপথ্যে ভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেছেন যুবদলের এক শীর্ষ নেতা।

কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সল দাবি করেন, জায়গাজমি সংক্রান্ত বিরোধে সংগঠনের পক্ষ থেকে কাঙ্ক্ষিত সমর্থন না পেয়েই মূলত তারা দল পরিবর্তন করেছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর