
উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ :: সরকারি হাসপাতালে সাধারণ মানুষের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং সার্বিক ব্যবস্থাপনা তদারকিতে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা সফর করেছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম। সোমবার সকালে কোনো পূর্বঘোষণা ছাড়াই তিনি আকস্মিকভাবে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে যান।
অনির্ধারিত পরিদর্শনে সংসদ সদস্য হাসপাতালের সার্বিক পরিবেশ ও চিকিৎসা কার্যক্রমের খোঁজখবর নেন। এ সময় তিনি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার মান আরও উন্নত করে জনগণের চিকিৎসা সেবা সুনিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোরভাবে নির্দেশ দেন। রোগীরা যেন কোনো ধরনের অবহেলা বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি।
পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যমান নানা সীমাবদ্ধতার বিষয়েও চিকিৎসক ও কর্মকর্তাদের সাথে কথা বলেন মোহাম্মদ ফখরুল ইসলাম। এ সময় ওষুধ সরবরাহ স্বাভাবিক রাখা এবং ডাক্তার, নার্সসহ অন্যান্য লোকবল সংকট নিরসনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
আপনার মতামত লিখুন :