• ঢাকা
  • শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ৫ জুন, ২০২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে দেশের তিন টিভি চ্যানেল

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য বড় সুখবর। আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচ দেশের তিনটি টেলিভিশন চ্যানেলে সরাসরি দেখা যাবে। বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসের পর্দায় উপভোগ করা যাবে বিশ্বকাপের ম্যাচ।

বিশ্বকাপ ফুটবল নিয়ে বাংলাদেশে বরাবরই থাকে আলাদা উন্মাদনা। এবছর বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে দেশে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিলো। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল প্রিয় দলগুলোর ম্যাচ দেখতে রাত জাগেন কোটি দর্শক। অবশেষে সেই দুশ্চিন্তা কাটল দেশের দর্শকদের।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে হতে যাওয়া এই আসরে ম্যাচের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১০৪টি। ফলে এবারের বিশ্বকাপ আগের যে কোনো আসরের চেয়ে বড় পরিসরে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের দর্শকদের জন্য টিভিতে খেলা দেখা সব সময়ই বড় বিষয়। বিশেষ করে যারা মোবাইল বা অনলাইন প্ল্যাটফর্মে খেলা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাদের জন্য বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে বিশ্বকাপ সম্প্রচার বড় স্বস্তির খবর।

বিটিভির মাধ্যমে দেশের বড় একটি অংশ সহজে খেলা দেখার সুযোগ পাবে। অন্যদিকে টি স্পোর্টস দেশের ক্রীড়া সম্প্রচারে পরিচিত একটি নাম। সময় টিভির পর্দায়ও বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ থাকায় দর্শকদের সামনে এবার একাধিক বিকল্প থাকছে।

টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও বিশ্বকাপ দেখার সুযোগ থাকবে। এর আগে জানা গেছে, বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফিতে বিশ্বকাপের ম্যাচ সরাসরি দেখা যাবে। তবে টফি ছাড়াও গ্রামীনফোনের ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপেও দেখা যাবে বিশ্বকাপ। টিভি ও মোবাইল দুই মাধ্যমেই বাংলাদেশের দর্শকদের জন্য বিশ্বকাপ উপভোগের পথ খুলে যাচ্ছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর