
দাগনভূঞা প্রতিনিধি : ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় মা ও শিশু সহায়তা কর্মসূচির “বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪” বিষয়ক পৌরসভা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং সাপোর্টিং ইমপ্লিমেন্টেশন অফ মাদার এন্ড চাইল্ড বিনিফিট প্রোগ্রাম শীর্ষক প্রকল্প ও মহিলা বিষয়ক ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় পৌরসভা কমিটির এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে উক্ত কর্মসূচি বাস্তবায়নে দিক নির্দেশনা প্রদান করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) ও প্রকল্প পরিচালক এসআইএমসিবিপি মোহাম্মদ ইফতেখার হোসেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও কোর্স কো-অর্ডিনেটর নাসরিন আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, উপজেলা প্রকৌশলী এলজিইডি মোঃ মাছুম বিল্লাহ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাফাজ্জল হোসেন, থানার উপপরিদর্শক (এসআই) কমল মালাকার, স্বাস্থ্য কর্মকর্তার প্রতিনিধি সহকারী ডেন্টাল সার্জন ডা. শুভ মজুমদারসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ, পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক ও উদ্দোক্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে বক্তারা মা ও শিশুর পুষ্টি ও স্বাস্থ্য উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ, ভাতা প্রদান পদ্ধতি, সুবিধাভোগী নির্বাচন প্রক্রিয়া, ভোগান্তি হ্রাস ও কার্যকর বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা করেন।
সভায় বক্তারা বলেন, সরকারের এই মহৎ উদ্যোগ একটি বৈষম্যহীন, নিরাপদ ও সুস্থ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মা ও শিশুর সার্বিক কল্যাণে সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আপনার মতামত লিখুন :