• ঢাকা
  • রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৩ জুন, ২০২৬

নারীকে পিটানোর অপরাধে যুবদল নেতাকে বহিষ্কার

সুবর্ণচরে এক নারীকে প্রকাশ্যে বেধড়ক মারধরের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর অভিযুক্ত যুবদল নেতা মো. সফিকুল ইসলামকে (সফিক) দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সামাজিক বিশৃঙ্খলা ও দলীয় নিয়ম-শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অকাট্য প্রমাণের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুবর্ণচর উপজেলা শাখা এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।

শনিবার (১৩ জুন) রাতে সংগঠনটির সুবর্ণচর উপজেলা শাখার আহ্বায়ক বেলাল হোসেন সুমন ও সদস্য সচিব নূরুল হুদা ইতিমধ্যেই এই বহিষ্কার আদেশ কার্যকর করেছেন।

​উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন সৈকত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক বিশৃঙ্খলা ও দলীয় নিয়ম-শৃঙ্খলার পরিপন্থী হয়ে একজন নারীকে প্রকাশ্যে শারীরিক নির্যাতনের কারণে ০৮নং মোহাম্মদপুর ইউনিয়নের অন্তর্গত ০৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলামকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকর বহিষ্কার করা হয়েছে।

​উল্লেখ্য, শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষী গ্রামে মাছ ধরা ও জাল নিয়ে বিরোধের জেরে গৃহবধূ তাসলিমা আক্তার খুকিকে প্রকাশ্যে পাইপ ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন যুবদল নেতা সফিক। মারধরের এই দৃশ্যটি স্থানীয় কেউ একজন মুঠোফোনে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিলে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। ঘটনার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় তাৎক্ষণিক বৈঠক ডেকে অভিযুক্ত এই নেতাকে বহিষ্কারের ঘোষণা দেয় সুবর্ণচর উপজেলা যুবদল।

দলীয় নেতৃবৃন্দ জানান, কোনো অপরাধী বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীর দায় জাতীয়তাবাদী যুবদল নেবে না এবং ভবিষ্যতে দলের কেউ এ ধরনের অপকর্মে জড়িয়ে পড়লে তাঁর বিরুদ্ধেও একই ধরনের দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর