
দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় কোরাইশমুন্সী বাজার সংলগ্ন মধ্যবর্তী স্থানে স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণসমাবেশের আয়োজন করেছে এলাকাবাসী।
শনিবার (১৩ জুন) বিকেলে স্থানীয় কোরাইশ মুন্সী বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসিন্দা অলি আহমদের সভাপতিত্বে ও মোহাম্মদ হারুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সবুজ, এনসিপির জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মনসুর আহমেদ, মাওলানা শিহাব উদ্দিন, ঠিকাদার এম এ খালেক, বাজার ব্যবসায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন ভূঁইয়া, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম, আবদুল মন্নান ও জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা বলেন, ২নং রাজাপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রায় ৬০ হাজার মানুষের বসবাস। সম্প্রতি ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের জন্য ৯ নম্বর ওয়ার্ডে টেন্ডার আহ্বান করা হয়েছে। এতে ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের মানুষ সুবিধা পেলেও অধিকাংশ ওয়ার্ডের বাসিন্দাদের যাতায়াত ও সেবাপ্রাপ্তিতে ভোগান্তির শিকার হতে হবে। জনগণের সুবিধার কথা বিবেচনা না করে ইউনিয়নের এক প্রান্তে ইউনিয়ন পরিষদের কার্যালয় নির্মাণ করা হলে অধিকাংশ ওয়ার্ডের বাসিন্দারা সেবা পেতে দুর্ভোগে পড়বেন। তাই ইউনিয়নের কেন্দ্রীয় স্থানে কার্যালয় নির্মাণ করতে হবে।
সাবেক জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সবুজ বলেন, ইউনিয়নের সব ওয়ার্ডের মানুষের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চাঁদ মিয়ার বাজার থেকে কোরাইশমুন্সী বাজার সংলগ্ন ইউনিয়নের মধ্যবর্তী স্থানে ইউনিয়ন পরিষদ কার্যালয় নির্মাণ করতে হবে। একই সঙ্গে প্রস্তাবিত স্থানের টেন্ডার বাতিল করে নতুন করে উপযুক্ত স্থানে কার্যালয় নির্মাণের উদ্যোগ গ্রহণ না করা হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
আপনার মতামত লিখুন :