প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৯ জুলাই, ২০২৬

ব্রাজিলকে হারিয়ে ‘সাহস বেড়ে গেছে’ নরওয়ের

র‍্যাঙ্কিং, দলের শক্তিমত্তা কিংবা অতীত ইতিহাস- সব কিছুতে নরওয়ের তুলনায় যোজন এগিয়ে ইংল্যান্ড। মার্টিন ওডেগার্ডও জানেন সেটি। তবে ব্রাজিলের বিপক্ষে জয় পাওয়ায় এখন ইংলিশদের মুখোমুখি হওয়ার আগে আগের চেয়ে আত্মবিশ্বাসী নরওয়ে অধিনায়ক।

বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ৩টায় মুখোমুখি হবে ইংল্যান্ড ও নরওয়ে। সেমি-ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে ইংলিশদের বিপক্ষে নিজেদের আন্ডারডগ মেনে নিয়েছেন ওডেগার্ড।

তবে শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারানোর সুখস্মৃতি থাকায়, ইংলিশদের বিপক্ষেও পূর্ণ বিশ্বাস নিয়েই মাঠে নামবে নরওয়ে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজেদের সেরা উজাড় করে দেওয়ার কথাই বলেছেন দলের অধিনায়ক।

“আমরা স্পষ্টত জানি তাদের (ইংল্যান্ড) মান কতটা। তাদের খুব ভালো করেই চিনি। অসাধারণ খেলোয়াড়, বিশ্বমানের খেলোয়াড়, সম্ভবত এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা জাতীয় দলের হয়ে খেলছে। তাই এটা আমাদের জন্য একটি বড় পরীক্ষা হতে যাচ্ছে।”

“তবে আমার মনে হয় ব্রাজিলের ক্ষেত্রেও একই অবস্থা ছিল। আমরা আন্ডারডগ ছিলাম এবং আপনারা দেখেছেন, ফুটবলে যেকোনো কিছুই ঘটতে পারে। তাই হ্যাঁ, আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব, দেখি কী করতে পারি। আমরা এটার অপেক্ষায় আছি।”

ব্রাজিলকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার কোয়ার্টার-ফাইনালে উঠেছে নরওয়ে। আর এখানেই এই যাত্রা থামিয়ে দিতে চান ওডেগার্ড।

“এটা সত্যি যে আমাদের অনেকেই ইংল্যান্ডে খেলে, তাই আমরা তাদের বেশ ভালোভাবেই চিনি। স্পষ্টতই, আমরা লিগে এই খেলোয়াড়দের অনেকের বিপক্ষেই খেলে আসছি, তাই আমরা তাদের চিনি, তবে এটি পুরো দলের লড়াই।”

“আমাদের প্রস্তুত থাকতে হবে, প্রতিপক্ষকে বিশ্লেষণ করতে হবে যেমনটা আমরা সবসময় করি। আর নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে।”

ফিফা র‍্যাঙ্কিংয়ে বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। আর বিশ্বকাপে উড়ন্ত পথচলায় ১২ ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছে নরওয়ে। চলতি বিশ্বকাপেও এখন পর্যন্ত অপরাজিত রয়েছে ইংলিশরা। তাই সব মিলিয়ে আরও একবার নিজেদের আন্ডারডগ মেনে নিলেন ওডেগার্ড।

“আমরা পুরো বিশ্বকে দেখিয়েছি যে আমরা একটি ভালো দল। যেটা বললাম, ফুটবলে যেকোনো কিছুই সম্ভব। যদিও আমরা আবারও আন্ডারডগ, তবু দেখা যাক কী হয়। আসুন ভালোভাবে প্রস্তুতি নিই ও আমাদের ফুটবল ও একসাথে কাটানো এই মুহূর্তটি উপভোগ করি, দেখা যাক কী হয়।”

আরও পড়ুন