
সিনিয়র স্টাফ রিপোর্টার : সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনতামূলক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেল পাঁচটায় চরজব্বর থানা, কমিউনিটি পুলিশিং ও উপজেলার সচেতন নাগরিকদের উদ্যোগে আয়োজিত র্যালিটি খাসেরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেওয়া ব্যক্তিরা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
পরে খাসেরহাট বাজারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন চরবাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী গোলাম মাওলা। সাংবাদিক হানিফ মাহমুদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া।
বিশেষ অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান, চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছারোয়ার উদ্দিন দিদার, উপজেলা যুবদলের সদস্যসচিব নুরুল হুদা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন শাকিল, চরবাটা ইউনিয়ন জামায়াতের আমির দিদারুল আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম পলাশ, চরবাটা ইউনিয়ন যুবদলের সভাপতি মাইন উদ্দিন এবং চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) তাহের।
সমাবেশে বক্তারা বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মাধ্যমে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, আলেম-ওলামা ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তাঁরা বলেন, তরুণ ও কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবারের নজরদারি বাড়ানোর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও মাদক, সন্ত্রাস বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়।
সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, পুলিশ সদস্য, আলেম-ওলামা, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকেরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :