
মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার : সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট ইউনিয়নে এক প্রবাসীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর এবং মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চাষীরহাট ইউনিয়নের ৫নং ওর্য়াডের সাহার পাড় গ্রামের কুতুব উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় ভুক্তভোগী মো: আলা উদ্দিন (৫৫) বাদী হয়ে সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে সাহার পাড় গ্রামের নজির আহম্মদ (৪৫) ও নাহিদ (২২), জান্নাতুল ফেরদাউস (৩২) সহ অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে বিবাদী করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নজির আহম্মদ জনসম্মুখে উশৃঙ্খল আচরণ ও গালিগালাজ করতে থাকলে আলা উদ্দিন তাকে বাধা দেন। এরই জের ধরে বিবাদীরা আলা উদ্দিনের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামাল ভাঙচুর করে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়।
ভুক্তভোগী মো: আলা উদ্দিন বলেন, ” বিবাদী নজির আহম্মদের মা মানষিক ভারসাম্যহীন। তিনি বিভিন্ন সময় উন্মত্ত আচরন করেন। যেখানে সেখানে পরনের কাপড় খুলে ফেলেন। রাস্তা-ঘাটে মলমূত্রত্যাগ করেন। যাকে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। যে কারনে এলাকাবাসী বিরক্ত। ঘটনার দিন ওই মহিলা নগ্ন হয়ে ঘোরাঘুরি করছিলেন এসময় তাকে কাপড় পরিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়। মায়ের এমন আচরণের বিষয়টি সমাধানের জন্য নজিরকে জানালে সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং গালিগালাজ শুরু করে।”
তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, “এরই জের ধরে পরে সে দলবল ও দেশীয় অস্ত্র নিয়ে আমার বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। তারা ঘরের ভেতরের আসবাবপত্র ভেঙে তছনছ করে ফেলে, যাতে আমাদের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, ঘরের আলমারি ভেঙে আমাদের কষ্টার্জিত ১০ ভরি স্বর্ণ এবং একটি গুরুত্বপূর্ণ পাসপোর্টসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।”
স্বজনদের ওপর হামলার বিষয়ে আলা উদ্দিন জানান, “হামলা ঠেকাতে গেলে তারা আমার ছোট ভাইয়ের স্ত্রী জেসমিন আক্তারকে মারধর করে এবং তার পরনের কাপড় ধরে টানাটানি করে শ্লীলতাহানি করে। আমাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তারা আমাদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং প্রশাসনের কাছে এই অন্যায়ের দৃষ্টান্তমূলক বিচার চাই।”
এ বিষয়ে সোনাইমুড়ী থানা পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনার সত্যতা খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :