
আবু জাফর মোহাম্মাদ আলী জনী, স্টাফ রিপোর্টার : ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের প্রকোপ মোকাবিয় নোয়াখালী পৌরসভার উদ্যোগে নোয়াখালী সরকারি কলেজে ডেঙ্গুবিরোধী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) পৌরসভার চলমান ডেঙ্গুবিরোধী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। এতে পৌরসভার প্রায় ৫০ থেকে ৬০ জন পরিচ্ছন্নতাকর্মীসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
অভিযানকালে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন ড্রেন পরিষ্কার, ময়লা-আবর্জনা ও আগাছা অপসারণ করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মশার ওষুধ ছিটানো হয়।
এ সময় সংশ্লিষ্টরা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। বিশেষ করে ডাবের খোসা, পুরোনো টায়ার, ফুলের টবসহ যেসব পাত্রে পানি জমতে পারে, সেসব স্থান নিয়মিত পর্যবেক্ষণ ও পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়।
সংশ্লিষ্টরা বলেন, সচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের বিস্তার অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। এজন্য সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আপনার মতামত লিখুন :