
স্টাফ রিপোর্টার :: সদর উপজেলার ৪ নম্বর কাদির হানিফ ইউনিয়নের সুজাপুরে ফিরোজ আলম স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সুজাপুর মহিলা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ফাইনালে শান্তিনগর একাদশ ২-১ গোলে গোপীনাথপুর এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
সুজাপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এবং বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রোটারিয়ান রকি উদ্দিন রিপনের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিএনপি নেতা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাদির হানিফ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোস্তাফিজুর রহমান পলাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা সুলতান মাহমুদ জুয়েল।
বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান রকি উদ্দিন রিপন, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মোহাম্মদ আবু তাহের পাভেল, আবদুল মতিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান, যুবদলের দপ্তর সম্পাদক হায়দার বাবু, সাংবাদিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক আবদুশ শাকুর হান্নানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতারা।
খেলা শেষে চ্যাম্পিয়ন শান্তিনগর একাদশকে ১০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্সআপ গোপীনাথপুর এফসিকে ৬ হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়।
ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।
আপনার মতামত লিখুন :