প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২০ নভেম্বর, ২০২৬

চাটখিলে ৮ টি ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার বিষয়ে যা জানা গেল

উপজেলা সংবাদদাতা, চাটখিল :: চাটখিল উপজেলায় ইউনিয়ন পরিষদকে ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালনা ও নাশকতা সৃষ্টির জন্য বৈঠক করার অভিযোগে নয়টি ইউনিয়নের মধ্যে আটটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা দিয়েছেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মী ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে পর্যায়ক্রমে এসব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা দেওয়া হয়। এ সময় সেবাকার্যক্রম নিতে আসা সাধারণ মানুষ ও কর্মচারীদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের মধ্যে শাহাপুর ছাড়া বাকি আটটিতে তালা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদ গুলো হলো—রামনারায়ণপুর, পরকোট, বদলকোট, মোহাম্মদপুর, পাঁচগাঁও, হাটপুকুরিয়া-ঘাটলাবাগ, নোয়াখলা ও খিলপাড়া।

স্থানীয় যুবদল নেতা হুমায়ুন কবির জানান, তালাবদ্ধ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পরেও এসব চেয়ারম্যানগন নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করে আসছিল। কিন্তু সাম্প্রতিক সময় এসব ইউনিয়ন পরিষদকে ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের স্থানীয় নেতাকর্মীদের নিয়ে চাটখিলকে অস্থিতিশীল করার লক্ষ্যে অগ্নিসংযোগ ও নাশকতা সৃষ্টির জন্য গোপন বৈঠক করে আসছিল। এতে স্থানীয় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে আটটি ইউনিয়ন পরিষদের তালাবদ্ধ করে দেয়।

সংশ্লিষ্ট চেয়ারম্যানদের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যানদের ওপর রাজনৈতিক ক্ষোভ থেকে এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জানতে চাইলে চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ বলেন, বিষয়টি আমি সন্ধ্যার দিকে শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। যারা বর্তমানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে ফ্যাসিস্টদের অর্থায়নের অভিযোগ রয়েছে। ঘটনাটি নিয়ে জেলার নেতাদের সঙ্গে কথা বলব।

আটটি ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান বলেন, “একটা পক্ষ ক্ষুদ্ধ হয়ে এমনটি করেছে।” আগামী রোববার থেকে ইউনিয়ন পরিষদগুলোর কার্যক্রম স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রসঙ্গত যে, চাটখিল উপজেলার শাহপুর ইউনিয়ন ছাড়া বাকি আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত । এর মধ্যে রামনারায়নপুর ও মোহাম্মদপুর এই দুটি ইউনিয়নের চেয়ারম্যানরা বিদ্রোহী প্রার্থী হিসেবে স্থানীয় বিএনপি ও জামাতের সমর্থনে জয়লাভ করে। বাকি খিলপাড়া, নোয়াখোলা, বদলকোট, হাটপুকুরিয়া ও পাচগাঁও ইউনিয়নের চেয়ারম্যানরা ব্যাপক অনিয়মের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর