প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ নভেম্বর, ২০২৬

দৈনিক নোয়াখালীর কথায় সংবাদ প্রকাশের পর সেনবাগে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :: সেনবাগে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র নির্বাচন নিয়ে অনিয়ম ও শিক্ষার্থী-অভিভাবকদের ভোগান্তির আশঙ্কা নিয়ে দৈনিক নোয়াখালীর কথায় সংবাদ প্রকাশের পর পরীক্ষাকেন্দ্র পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ছাতারপাইয়া কেন্দ্রের পরিবর্তে কেশারপাড় ইউনিয়নের কানকিরহাটে নতুন কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

গত ১১ নভেম্বর দৈনিক নোয়াখালীর কথায় ‘সেনবাগে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র নির্বাচন নিয়ে অনিয়ম, ক্ষোভ শিক্ষক-অভিভাবকদের’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি নজরে আসে নোয়াখালী-২ (সেনবাগ) আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুকের। পরে তাঁর নির্দেশনায় শিক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতের দুর্ভোগ বিবেচনায় কেন্দ্র পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে উত্তর, দক্ষিণ ও মধ্য এই তিনটি ক্যাচমেন্ট এলাকায় ভাগ করে পরীক্ষাকেন্দ্র নির্ধারণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ইউনিয়নের বিদ্যালয়গুলোর জন্য ইয়ারপুর উচ্চ বিদ্যালয়, ৪ ও ৫ নম্বর ইউনিয়ন এবং পৌরসভার বিদ্যালয়গুলোর জন্য সেনবাগ পৌরসভা এবং ১, ২ ও ৩ নম্বর ইউনিয়নের বিদ্যালয়গুলোর জন্য কেশারপাড় ইউনিয়নের কানকিরহাটকে কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়।

কিন্তু অভিযোগ ওঠে, পরিকল্পনা অনুযায়ী কানকিরহাটে কেন্দ্র নির্ধারণ না করে উপজেলার এক প্রান্তে অবস্থিত ছাতারপাইয়া ইউনিয়নে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এতে ডমুরুয়া ও কেশারপাড় ইউনিয়নের পরীক্ষার্থীদের দূরবর্তী কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার আশঙ্কা তৈরি হয়। ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

এ বিষয়ে কয়েকজন শিক্ষক ও অভিভাবক অভিযোগ করেন, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বিবেচনায় না নিয়ে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। তাঁরা পরীক্ষাকেন্দ্রটি মধ্যবর্তী স্থানে স্থানান্তরের দাবি জানান।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ নুর উল্লাহ বলেন, সাধারণত বৃত্তি পরীক্ষার কেন্দ্র মধ্যবর্তী কোনো বিদ্যালয়ে নির্ধারণ করা হয়। কিন্তু উত্তরাঞ্চলের বিদ্যালয়গুলোর ক্ষেত্রে এ নিয়ম অনুসরণ করা হয়নি। কেন এমনটি হয়েছিল, তা তিনি জানেন না। তবে পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশের পর ছাতারপাইয়া কেন্দ্র পরিবর্তন করে কানকিরহাটে নির্ধারণ করা হয়েছে।

সেনবাগ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী বলেন, সংবাদ প্রকাশের পর শিক্ষার্থী ও শিক্ষকদের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষাকেন্দ্র ছাতারপাইয়া থেকে কানকিরহাটে স্থানান্তর করা হয়েছে।

আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের খবরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর