
উপজেলা সংবাদদাতা, সুবর্ণচর : সুবর্ণচরে অভিযান চালিয়ে আবারও ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ রুহুল আমিন (৫৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক ব্যবসায় জড়িত আরও তিনজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৭০ হাজার টাকা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে চরজব্বার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর বাগ্যা এলাকায় রুহুল আমিন এর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় রুহুল আমিনকে আটক করে পুলিশ।
মামলা সূত্রে পুলিশ জানায়, আটককৃত রুহুল আমিন চরজব্বর ইউনিয়নে উত্তর চরব্যাগা গ্রামে নিজ বসতঘরে গাঁজা মজুত রেখে দীর্ঘদিন ধরে ক্রয়-বিক্রয়ের তথ্য রয়েছে পুলিশের কাছে। পূর্বতথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানকালে রুহুল আমিনকে আটক করা হয়। পরে তাঁর বসতঘর তল্লাশি করে তালাবদ্ধ কাঠের বাক্সের ভেতর থেকে হালকা নীল রঙের পলিথিনে মোড়ানো চারটি পুঁটলায় মোট ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
পলাতক আসামিরা হলো,একই গ্রামের রুহুল আমিন এর ছেলে মো. মিরাজ উদ্দিন (৩১), সায়দুল হক এর ছেলে মো. নাজিম (৪৫) ও মো. ফারুক (৫৫)।আটকৃত রুহুল আমিনের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁরা মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত হয়েছে।
চরজব্বর থানার অফিসার মো. রফিকুল হাসান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারির ১৯(ক)/৪১ ধারায় চরজব্বার থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার এবং মাদক উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :