প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬

এইচএসসিতে জেলার সেরা চাটখিল মহিলা ডিগ্রি কলেজ

উপজেলা সংবাদদাতা, চাটখিল :: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে জেলার মহিলা ও বেসরকারি কলেজগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে চাটখিল মহিলা ডিগ্রি কলেজ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। একই সঙ্গে পাশের হারেও জেলার অধিকাংশ কলেজকে পেছনে ফেলেছে কলেজটি। এ সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

সাফল্য উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে কলেজ অডিটোরিয়ামে জিপিএ-৫ প্রাপ্ত সাত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ বছরের এইচএসসি পরীক্ষায় কলেজটির মানবিক বিভাগ থেকে ৩ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩ জন এবং বিজ্ঞান বিভাগ থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেন। সরকারি-বেসরকারি মিলিয়ে জেলার সব কলেজের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় তৃতীয় অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি পাশের হারের দিক থেকে জেলায় চতুর্থ এবং নিজ উপজেলা চাটখিলে জিপিএ-৫ ও পাশের হার উভয় ক্ষেত্রেই শীর্ষস্থান অর্জন করেছে কলেজটি।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের সহধর্মিণী ও কলেজ গভর্নিং বডির সভাপতি আখতারুন নেছা আতিয়া।

প্রধান অতিথির বক্তব্যে আখতারুন নেছা আতিয়া সামগ্রিক ফলাফলের অবনতির মধ্যেও জেলার মহিলা ও বেসরকারি কলেজগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করায় কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান। কলেজের উন্নয়নে আশ্বাস দিয়ে তিনি বলেন, শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে শিক্ষাদানের বিষয়টি দেখবেন। আর গভর্নিং বডির সভাপতি হিসেবে কলেজের সব ধরনের সমস্যা সমাধানের দায়িত্ব তাঁর।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম প্রতিষ্ঠানের অতীতের ধারাবাহিক সাফল্যের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় চাটখিল মহিলা ডিগ্রি কলেজ আজ জেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট আবু হানিফ, সদস্য রফিক উল্যা খোকন, কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ ফারুক সিদ্দিকী ফরহাদ এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক গালিব মো. ইকবাল।

সংবর্ধিত শিক্ষার্থীরা নিজেদের সাফল্যের অনুভূতি প্রকাশ করে শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় গভর্নিং বডির অন্যান্য সদস্য, কলেজের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

কলেজ সূত্রে জানা গেছে, এ বছর তিনটি বিভাগ থেকে মোট ২৩১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১৫৫ জন উত্তীর্ণ হয়েছেন। কলেজটির গড় পাশের হার ৬৭ দশমিক ১০ শতাংশ। বিপরীতে জেলায় গড় পাশের হার ৩৮ দশমিক ৯০ শতাংশ।

চাটখিল উপজেলার অন্যান্য কলেজের ফলাফলের মধ্যে সোমপাড়া কলেজে পাশের হার ৪২ দশমিক ৫০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ জন। আব্দুল ওয়াহাব কলেজে পাশের হার ৩৯ দশমিক ০২ শতাংশ এবং চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজে ৩০ দশমিক ০৫ শতাংশ।

জেলা পর্যায়ের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর জেলার ১৬ হাজার ২৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৩১৭ জন। জেলার ১৪টি কলেজ থেকে মোট ১১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে ৭৪ জন জিপিএ-৫ নিয়ে শীর্ষে রয়েছে নোয়াখালী সরকারি কলেজ। ১১ জন নিয়ে দ্বিতীয় অবস্থানে চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ এবং ৭ জন নিয়ে তৃতীয় অবস্থানে চাটখিল মহিলা ডিগ্রি কলেজ।

এ ছাড়া নোয়াখালী সরকারি মহিলা কলেজ ও কোম্পানীগঞ্জ সরকারি কলেজ থেকে ৪ জন করে, সোমপাড়া কলেজ, বামনী কলেজ ও প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম মহিলা কলেজ থেকে ২ জন করে এবং জেলার আরও ছয়টি কলেজ থেকে একজন করে শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর