
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে শেষ হয়েছে নতুন কুঁড়ি ফুটবল টুর্নামেন্ট সিজন-২। টুর্নামেন্টের ফাইনাল খেলায় কাবিলপুর ইউনিয়ন একাদশকে ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিজবাগ ইউপি একাদশ।
সেনবাগ উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিজবাগ ইউপি একাদশ ও কাবিলপুর ইউনিয়ন একাদশ মুখোমুখি হয়। খেলায় শুরু থেকেই বিজবাগ একাদশের খেলোয়াড়রা দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেন। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে বিজবাগ ইউপি একাদশ। অন্যদিকে রানারআপ হয় কাবিলপুর ইউনিয়ন একাদশ।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইরফানুল হক চৌধুরী, জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ ও বিএনপি নেতা আবু তাহের কোম্পানিসহ অতিথিরা।
এর আগে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের সেলিমের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খুরশিদ ইসলাম, উপজেলা ইনস্ট্রাক্টর নুরুজ্জামান, উপজেলা প্রকৌশলী তামিম বিন জাহিদ, বিএনপি নেতা আবু তাহের কোম্পানি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মনিরুল ইসলাম, জাফ ফাউন্ডেশনের সভাপতি মিয়া মোহাম্মদ ইলিয়াস, ক্রীড়া সংস্থার সদস্য নুরনবী বাচ্চু এবং মোকসুদুর রহমান মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
উৎসবমুখর এ ফাইনাল খেলাকে ঘিরে উপজেলা স্টেডিয়ামে ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
আপনার মতামত লিখুন :