প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ নভেম্বর, ২০২৬

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৯ পাচারকারী আটক

উপজেলা সংবাদদাতা, ​হাতিয়া :: হাতিয়ায় মেঘনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট ও একটি কার্গো বোটসহ ৯ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা।

​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

​কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি দল উপজেলার চর গাসিয়া সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয় এবং বোটের মূল মাঝিসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়।

​আটককৃতরা হলেন বোটের প্রধান মাঝি লক্ষ্মীপুরের রামগতি (আলেকজান্ডার) উপজেলার চরমেহার গ্রামের মৃত ওবায়দুল হকের ছেলে মো. রাশেদ, হাতিয়া উপজেলার আল-আমীন গ্রামের মৃত মো. হানিফের ছেলে মো. রাশেদ ও ফরাজি গ্রামের নুরুল আমীনের ছেলে ফজলুল হক, চরজব্বর উপজেলার দক্ষিণ চর মজিদ গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. মনির, একই গ্রামের মো. কামালের ছেলে মো. আফসার উদ্দিন, মো. মোশাররফ হোসেনের ছেলে মো. শেহেনাজ ও মো. জসিমের ছেলে মো. রুবেল; হাতিয়ার তমরদ্দি এলাকার রেজুকালিয়া গ্রামের লোকমান হোসেনের ছেলে মো. বাবুল এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ সালাউদ্দিন (৩৬)।

​কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, জব্দকৃত সিমেন্ট, কার্গো বোট এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উপকূলীয় এলাকায় চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর