
মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :: সোনাইমুড়ী উপজেলার হোসেনপুর গ্রামের জালাল হাজী বাড়িতে হামলা চালিয়ে আরমান হোসেনের মাকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা দুলাল ও কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে। এ সময় আরমানকে যেখানে পাওয়া যাবে, সেখানেই হত্যা করা হবে বলে তাঁর ভাইকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছে পরিবার। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিতে গেলেও পুলিশ মামলা গ্রহণ করেনি বলে দাবি ভুক্তভোগীদের।
পরিবারের অভিযোগ, ২০২৬ সালের ১৮ নভেম্বর সকাল ১০টার দিকে প্রকাশ্য দিবালোকে একদল বিএনপি নেতা দুলাল ও কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীরা আরমান হোসেনের বাড়িতে গিয়ে উচ্চস্বরে তাঁর নাম ধরে ডাকাডাকি করেন। এ সময় আরমানের মা ও ভাই ঘর থেকে বের হয়ে এলে অভিযুক্তরা তাঁদের কাছে আরমানের অবস্থান জানতে চান। তবে তাঁরা আরমানের অবস্থান সম্পর্কে কিছু জানেন না বলে জানান।
এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ব্যক্তিরা আরমানের মায়ের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। হামলায় তাঁর মায়ের মাথা ফেটে যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান। পরে ঘটনাস্থল ত্যাগের সময় আরমানের ভাইকে হুমকি দিয়ে বলা হয়, আরমানকে যেখানে পাওয়া যাবে, সেখানেই হত্যা করা হবে।
ঘটনার পর আরমানের ভাই সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দিতে গেলে পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করেনি বলে দাবি পরিবারের। তাঁদের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তাঁদের অভিযোগ যথাযথ গুরুত্ব পায়নি।
এদিকে পরিবারের ভাষ্য অনুযায়ী, এর আগে ২০২৫ সালের ২০ আগস্ট একদল পুলিশ আরমান হোসেনের বাড়িতে গিয়ে তাঁর খোঁজ করেন। এ সময় আরমানের ভাই পুলিশের কাছে জানতে চান, কী কারণে তাঁর ভাইকে খোঁজা হচ্ছে। জবাবে পুলিশ জানায়, ২০২৫ সালের ৫ আগস্ট থানায় ভাঙচুর, পুলিশ হত্যা, অস্ত্র লুট ও অগ্নিসংযোগের ঘটনায় আরমানের বিরুদ্ধে মামলা রয়েছে এবং তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তাঁকে গ্রেপ্তারের উদ্দেশ্যেই পুলিশ বাড়িতে গিয়েছিল বলে জানানো হয়।
পরিবারের পক্ষ থেকে বাড়িতে হামলা, মাকে আহত করা ও হত্যার হুমকির অভিযোগের সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :