
নিউজ ডেস্ক :: নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, দ্রুত ন্যায়বিচার নিশ্চিত, ভুক্তভোগীদের সুরক্ষা এবং অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি অবসানে দল-মত ও শ্রেণি-পেশা নির্বিশেষে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধি ও অধিকারকর্মীরা।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ও পক্ষের সূচনা উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) নোয়াখালীর এনআরডিএস বিনোদপুর সম্মিলন কেন্দ্রে আয়োজিত এক তৃণমূল জনসম্মিলনে বক্তারা এ আহ্বান জানান। এনআরডিএসের ‘জেন্ডার সমতা ও নারী অধিকার ইউনিট’ আয়োজিত এ সম্মিলনে বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
জাতীয় সংগীত ও নারী জাগরণমূলক গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রথম পর্বে তৃণমূল পর্যায়ের নারী প্রতিনিধিরা তাঁদের দৈনন্দিন জীবনে অধিকারবঞ্চনা, বৈষম্য ও নির্যাতনের বাস্তব চিত্র তুলে ধরেন। দ্বিতীয় পর্বে নাগরিক সমাজের প্রতিনিধি ও অধিকারকর্মীরা নারীর মানবিক মর্যাদা, রাজনৈতিক অংশগ্রহণ এবং সব ধরনের সহিংসতা প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, নারীকে শুধু লিঙ্গভিত্তিক পরিচয়ে সীমাবদ্ধ না রেখে একজন পূর্ণাঙ্গ মানুষ, নাগরিক ও সিদ্ধান্ত গ্রহণকারী রাজনৈতিক সত্তা হিসেবে মূল্যায়ন করতে হবে। নারীর প্রকৃত স্বাধীনতা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে শিক্ষা, সম্পত্তির অধিকার এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা প্রতিষ্ঠা জরুরি।
তাঁরা আরও বলেন, শুধু সচেতনতা সৃষ্টি করলেই নারী নির্যাতন বন্ধ করা সম্ভব নয়। সহিংসতা প্রতিরোধে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গণমাধ্যমে নারী নির্যাতনের সংবাদ সংবেদনশীলতার সঙ্গে প্রকাশ এবং স্থানীয় পর্যায় থেকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভুক্তভোগীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার পাশাপাশি বিচারপ্রক্রিয়ায় তাঁদের সুরক্ষা নিশ্চিত করাও জরুরি।
আলোচনায় অংশ নেন প্রাণ-এর নির্বাহী পরিচালক নুরুল আলম মাসুদ, বন্ধনের নির্বাহী পরিচালক মো. আমিনুজ্জামান, এসো গড়ি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ফারজানা তিথি, এসএইচবিওর পরিচালক ফাহিদা সুলতানা, চিকিৎসক ডা. হৃদি এবং গণমাধ্যমকর্মী জামাল হোসেন বিষাদ, আবু নাসের মঞ্জু, নূরনবী ও রোমানা আক্তার।
তৃণমূল নারী নেত্রীদের মধ্যে বক্তব্য দেন তিন্নি, রেশমি, কৃষ্ণা, জান্নাতুল মাওয়া ও আলেয়া বেগমসহ অন্যরা।
এর আগে মাইজদী টাউন হল চত্বরে ৩৮টি সংগঠনের পাঁচ শতাধিক প্রতিনিধির অংশগ্রহণে আয়োজিত সংহতি সমাবেশে এনআরডিএসের পক্ষ থেকে অংশ নিয়ে নারী নির্যাতন প্রতিরোধের দাবির প্রতি সংহতি প্রকাশ করা হয়।
আপনার মতামত লিখুন :