প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬

নিঝুমদ্বীপের পরিচিত চিত্রা হরিণ ‘বিজলী’র করুণ মৃত্যু

স্টাফ রিপোর্টার :: দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপের পরিচিত চিত্রা হরিণ ‘বিজলী’র করুণ মৃত্যু হয়েছে। শিয়ালের আক্রমণে গুরুতর আহত হয়ে মারা গেছে স্থানীয়দের ভালোবাসায় বেড়ে ওঠা হরিণটি। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নিঝুমদ্বীপের নামার বাজার জামে মসজিদের কবরস্থানে তাকে মাটিচাপা দেয়া হয়। বিজলীর মৃত্যুতে শোকাহত দ্বীপের বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিয়ালের আক্রমণে বিজলীর শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। বন বিভাগের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তোকে মাটিচাপা দেয়া হয়।

স্থানীয়দের কাছে বিজলী ছিল শুধু একটি বন্য প্রাণী নয়, বরং ভালোবাসা ও আবেগের নাম। দীর্ঘদিন ধরে দ্বীপের মানুষের সঙ্গে তার গড়ে উঠেছিল এক নিবিড় সম্পর্ক। পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকদের কাছেও পরিচিত ছিল হরিণটি।

নিঝুমদ্বীপের বাসিন্দা আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বিজলী আমাদের কাছে পরিবারের সদস্যের মতো ছিল। তাকে ঘিরে স্থানীয় মানুষের অনেক স্মৃতি রয়েছে। তার মৃত্যুতে আমরা সবাই মর্মাহত। দ্বীপের মানুষের ভালোবাসায় সে দীর্ঘদিন আমাদের মাঝে ছিল।’
বন বিভাগের নিরাপত্তা প্রহরী মো. শামিম বলেন, ‘বিজলীকে আমরা দীর্ঘদিন ধরে দেখাশোনা করেছি। তার সঙ্গে আমাদেরও অনেক স্মৃতি জড়িয়ে আছে। তার এমন মৃত্যু মেনে নেয়া কষ্টের। বিজলীকে হারিয়ে আমরাও শোকাহত।’

২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কেফায়েত হোসেন জানান, ২০১৬ সালে বন থেকে অসুস্থ অবস্থায় বিজলীকে নামার বাজারে নিয়ে আসা হয়। এরপর তাকে দুধ খাইয়ে আদর-যত্নে বড় করা হয়। লোকালয়ের মানুষের ভালোবাসা পেয়ে সে আর বনে ফিরে যায়নি। দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি পর্যটকদের সঙ্গেও তার অনেক স্মৃতি রয়েছে। তার ভাষায়, ‘বিজলী শুধু একটি হরিণ ছিল না, সে ছিল নিঝুমদ্বীপের মানুষের আবেগের অংশ।’

জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা আব্দুল কাইয়ুম নিয়াজী বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিজলীকে মাটিচাপা দেয়ার ব্যবস্থা করেছি। তার মৃত্যুতে আমাদেরও মন খারাপ। সত্যি বলতে, এ ঘটনায় বলার মতো ভাষা নেই।’

আরও পড়ুন

  • . এর আরও খবর