
উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ :: শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা এবং আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়ে যোগ্য নাগরিক হিসেবে প্রস্তুত করার লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাজারীহাট মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার বার্ষিক শিক্ষা প্রদর্শনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান এবং নতুন শিক্ষার্থীদের সবক প্রদান করা হয়।
শিক্ষা প্রদর্শনীতে শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াত, ইসলামি সংগীত, জানাজার নামাজের নিয়ম-কানুনসহ বিভিন্ন বিষয়ে তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা উপস্থিত অতিথি ও অভিভাবকদের সামনে তুলে ধরে। শিক্ষার্থীদের সুশৃঙ্খল ও মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত সবার প্রশংসা অর্জন করে।
মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ ক্বারী আবদুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ক্বারী আবু নাছের ও নুর হোসেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা ও বয়ান পেশ করেন ফেনী নুরিয়া জামে মসজিদের খতিব মাওলানা আতিকুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরহাজারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরপার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সদস্যসচিব মাইন উদ্দিন মাসুম, চরহাজারী ইউনিয়ন যুবদলের সাবেক সদস্যসচিব ও ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুন সুমন, সোনাগাজী মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা ক্বারী বেলায়েত হোসেন, বিশিষ্ট সমাজসেবক আলী আকবর সুমন এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারী শেখ কামাল।
এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা ও ধর্মীয় চর্চার অগ্রগতি তুলে ধরার পাশাপাশি অভিভাবকদের সঙ্গে মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।
আপনার মতামত লিখুন :