
উপজেলা সংবাদদাতা, সুবর্ণচর :: সুবর্ণচরে নন-এমপিও স্কুল অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে নবম শ্রেণির ১ হাজার ১৪০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। উপজেলার ১৬টি হলে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় শুরু হয়ে দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষা চলে। ১০০ নম্বরের পরীক্ষার কেন্দ্র ছিল চর জব্বর ডিগ্রি কলেজ ও শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
আয়োজক সূত্রে জানা যায়, উপজেলার বেসরকারি ও প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগে গত বছর থেকে এ বৃত্তি পরীক্ষার কার্যক্রম শুরু হয়। প্রথম বছরের ফলাফল সন্তোষজনক হওয়ায় এবার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পরীক্ষাকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সুবর্ণচর উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রতন চন্দ্র মজুমদার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন, থানার হাট কলেজের অধ্যক্ষ মো. ইয়াছিন আলী, সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. ছালেহ উদ্দিন, তরুণ সমাজসেবক ও সাবেক ছাত্রদল নেতা আলী আহসান মোহাম্মদ তারেকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।
পরীক্ষা পরিচালনায় পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক শিমুল চন্দ্র দাস। কেন্দ্র সচিব ছিলেন পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ফারুক হোসেন। হল সুপারের দায়িত্বে ছিলেন অ্যাম্বিশন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. মিরাজ উদ্দিন। সহকারী হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন চর জিয়া উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক ও ডায়নামিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ফোরকান উদ্দিন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলাই এ বৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য। পরীক্ষার ফলাফল অতি শিগগিরই প্রকাশ করা হবে। ফলাফলের ভিত্তিতে মেধাবী শিক্ষার্থীদের সর্বোচ্চ বৃত্তি প্রদান করা হবে।
তারা আরও জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলবে এবং স্থানীয় পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :