
উপজেলা সংবাদদাতা, হাতিয়া :: হাতিয়ায় গণভোটের গণরায় ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং সারা দেশে নৈরাজ্যের প্রতিবাদে গণবিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় হাতিয়া উপজেলা সদরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। পৌরসভার ফরাজী মার্কেট থেকে জাতীয় যুবশক্তির আহ্বায়ক ইউসুফ রেজার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওসখালী জিরো পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ইউসুফ রেজা বলেন, “জুলাই অভ্যুত্থানে জনতার রোষানলে পড়ে পালিয়ে গিয়ে দিল্লিতে ঠাঁই নিয়েছে। সে এখন সেখান থেকে উঁকিঝুঁকি দিচ্ছে এবং আমাদের চোখ রাঙানি দিচ্ছে। আমরা জুলাই জনতা এসব হুমকি-ধমকিকে ভয় পাই না। দিল্লিতে বসে গোপালগঞ্জের মতো অগ্নিসন্ত্রাসের মাধ্যমে ফিরে আসার যে চেষ্টা চলছে, তা তাদের জন্য আরও কাল হয়ে দাঁড়িয়েছে। তাদের ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই।”
স্থানীয় আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখার বিষয়ে সতর্ক করে তিনি আরও বলেন, “যারা শান্ত হাতিয়াকে অশান্ত করার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই—নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না। হাতিয়া শান্ত আছে, হাতিয়াকে শান্ত থাকতে দিন। শান্ত হাতিয়াকে অশান্ত করার চেষ্টা করা হলে একদিক থেকে বিএনপি, একদিক থেকে জামায়াত ও একদিক থেকে এনসিপি আসবে; তখন আপনারা পালানোর পথ পাবেন না।
সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, “হাজারো পঙ্গু ও শহীদের রক্তের বিনিময়ে এদেশে জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সেই আকাঙ্ক্ষাকে গলা টিপে হত্যা করা যাবে না। আমরা অনতিবিলম্বে গণভোটের গণরায় এবং জুলাই সনদ বাস্তবায়ন চাই।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা এনসিপির উপদেষ্টা সদস্য ওলি উদ্দীন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. বাকী বিল্লাহ, যুগ্ম আহ্বায়ক সাহেদ উদ্দিন, উপজেলা যুবশক্তির সদস্য সচিব ছাইফুল ইসলাম রাকিব, শ্রমিক শক্তির আহ্বায়ক মো. আবীর হোসেন, সদস্য সচিব মো. সোহেল উদ্দিন, ছাত্রশক্তির আহ্বায়ক মো. নীরব উদ্দিন এবং সদস্য সচিব আশিক এলাহীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :