
নিউজ ডেস্ক :: জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে জেলা পুলিশ। তাদের মধ্যে চারজনকে ফৌজদারি কার্যবিধির ৩৪ ধারায় আটক দেখানো হয়েছে। বাকি ২৬ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পুলিশ জানায়, শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে বেগমগঞ্জ মডেল থানা এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে দুজনকে ৩৪ ধারায় আটক দেখানো হয়েছে। চাটখিল থানা এলাকা থেকে আটক ১২ জনের মধ্যে একজন এবং হাতিয়া থানা এলাকা থেকে আটক একজনকে একই ধারায় আটক দেখানো হয়।
এ ছাড়া কোম্পানীগঞ্জ থানা এলাকা থেকে দুজন, কবিরহাট থেকে চারজন, সেনবাগ থেকে তিনজন এবং চরজব্বর থানা এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি কিশোরদের জন্য সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে জনসচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম চালানো হবে।
অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ এবং অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :