
বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিমকে হত্যার অভিযোগে করা মামলায় মো. রাসেল নামে আরও একজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১২ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত এই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। হাতিরঝিল থানার এই মামলায় তাকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম আজম তাকে সাত দিন রিমান্ডে চেয়ে আবেদন করেন। আর তার আইনজীবী এই আবেদনের বিরোধিতা করে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন আদালত।
এই মামলায় এ নিয়ে ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে গত ১১ অক্টোবর মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ওই পাঁচ আসামি হলেন মো. আব্দুল লতিফ, মো. কুরবান আলী, মাহিন, মোজাম্মেল হক কবির ও বাঁধন।
মামলা সূত্রে জানা যায়, প্লিজেন্ট প্রপার্টিস রাজধানীতে তিন মালিকের জমি নিয়ে একটি নয়তলা ভবন নির্মাণ করে। ওই ভবনে ২৭টি ফ্ল্যাট। প্রত্যেক জমির মালিককে পাঁচটি করে ফ্ল্যাট দেওয়ার কথা ছিল। তবে জমির মালিক নিহত তামিমের বাবাকে দুটি ফ্ল্যাট দেন। বাকি তিনটির মধ্যে একটি ফ্ল্যাট বিক্রি করে দেন। গত ১০ অক্টোবর বাকি দুটি ফ্ল্যাটের অভ্যন্তরীণ কাজ শুরু করার সময় ২০-২৫ জন দুর্বৃত্ত ভবনের সিসি ক্যামেরা ভেঙে হামলা চালায়। তানজিল নিচ থেকে ফ্ল্যাটের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তানজিলের বাবা সুলতান আহমেদ রাজধানীর হাতিরঝিল থানায় এই হত্যা মামলা করেন।
আপনার মতামত লিখুন :