
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নির্বাচন বাতিল চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মোহাম্মদ আলী নামে এক সহকারী শিক্ষকসহ তিন শিক্ষক। মোহাম্মদ আলী উপজেলার মানিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে রয়েছেন। অপর দু’শিক্ষক হলেন, হাবিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবদুল জলিল ও
পশ্চিম চর ফকিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন। মঙ্গলবার রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন ডেকে তারা বলে, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষক সমিতিকে অন্য সমিতির রেজিষ্ট্রেশন ব্যবহার করে গঠনতন্ত্রহীন, নীতিমালাহীন, মঞ্জুরীকৃত ভোটার তালিকাহীন ডামি প্রার্থী নিয়ে ১২ ডিসেম্বর অবৈধ নির্বাচনের আয়োজন হচ্ছে। তারা এও অভিযোগ করেন, নির্বাচন আয়োজনকারীরা ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের দোসর এবং বিগত সরকার আমলে
সরকারী সুবিধাভোগী, শিক্ষক নির্যাতনকারী গোষ্ঠি। আওয়ামী লীগ পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মা হয়ে কাজ করছে। তারা অভিযোগ করে আরও বলেন, কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বিদ্যালয়ের নিজ দায়িত্ব পালন না করে মার্কা নিয়ে যে ভোটের আয়োজন হচ্ছে তা অবৈধ ও শিক্ষক মান দন্ডের নীতি ও রীতি পরিপন্থী এবং শিক্ষকদের জন্য অমর্যাদাকর বলে দাবি করে সমিতির ১২ডিসেম্বরের অবৈধ নির্বাচন বাতিল দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে তারা বলেন, অবৈধ নির্বাচনের বিষয়ে জেলা
প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলের কাছে অভিযোগ কোনো প্রতিকার মিলছে না। এ বিষয়ে তারা প্রতিকার না পেয়ে উচ্চ আদালতে ৯ডিসেম্বর রিট পিটিশন নম্বর ১৫৬৯১ দায়ের করেন। রিট পিটিশনের কপি অবৈধ নির্বাচনের আয়োজক ও সংশ্লিষ্ট সকলকে অবহিত করার পরও নির্বাচনের আয়োজকরা নির্বাচন অনুষ্ঠানে সক্রিয় রয়েছেন বলে অভিযোগ করেন। তারা আদালতের প্রতি
সম্মান দেখিয়ে নির্বাচন অনুষ্ঠানে বিরত এবং বাতিলের দাবি জানান। এবিষয়ে জানতে চাইলে ১২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য কোম্পানীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী আবদুল হালিম বলেন, তারা ১২০৬৮ রেজিস্ট্রেশন প্রাপ্ত সমিতির বৈধ সদস্য হিসেবে নির্বাচনের আয়োজন করেছেন এবং প্রার্থী হয়েছেন। এবিষয়ে বাংলাদেশ
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সেক্রেটারি অজিত পাল বলেন, ১২০৬৮ রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে যারা কোম্পানীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির নির্বাচনের আয়োজন করেছে তা সম্পূর্ণ অবৈধ। ১২ ডিসেম্বরের নির্বাচনের আয়োজকরা ১২০৬৮ রেজিস্ট্রেশন প্রাপ্ত সমিতির অন্তর্ভুক্ত নয়।
আপনার মতামত লিখুন :