প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ৪ জানুয়ারি, ২০২৫

ডাকসু নির্বাচনের‌ জন্য কমিটি গঠন করা হয়েছে: উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের‌ জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান।

শনিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

ড. নিয়াজ আহমেদ খান বলেন, ডাকসু আমাদের অঙ্গীকার। আমরা সিস্টেমেটিক ওয়েতে কাজ করছি। ডাকসুর জন্য একটি কমিটি গঠন করে দিয়েছি। কমিটি সব অংশীজনের সঙ্গে কথা বলে সুপারিশ জমা দেবে। সেই সুপারিশের আলোকেই উৎসবমুখর ডাকসু নির্বাচন আয়োজন করবে বিশ্ববিদ্যালয় প্রসাশন।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে এ বিষয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে বলা হয়েছে, ‘সম্প্রতি ডাকসু পুনরায় সক্রিয় করার জন্য একটি কমিশন গঠন করা হলেও তার সুপারিশগুলো বাস্তবায়নের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। বিভিন্ন ছাত্র সংগঠন গঠনতন্ত্র সংশোধনের যে প্রস্তাবনা দিয়েছে, তা নিয়ে আলোচনা বা অগ্রগতি সম্পর্কে কোনো তথ্য নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে তাদের কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়, যা বরাবরই জাতীয় নেতৃত্বে পথপ্রদর্শক, এই প্রক্রিয়ায় পিছিয়ে রয়েছে।’

এতে আরও বলা হয়, ‌‘আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানাচ্ছি। এই রোডম্যাপের মধ্যেই প্রয়োজনীয় সংস্কারের সময় নির্দিষ্ট করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা না করলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।’

 

আরও পড়ুন

  • . এর আরও খবর