
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : “জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এমন স্লোগানের প্রত্যয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে সুবর্ণচরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদযাপন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মেলায় অটো ফায়ার ফাইটিং উপস্থাপন করে কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে সুবর্ণচরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সৈকত সরকারি কলেজ।
মঙ্গলবার ১৪ জানুয়ারি একদিন ব্যাপী সুবর্ণচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এই বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হলে সেখানে উপজেলার আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী টিমের ক্ষুদে বিজ্ঞানীরা নিজেদের অনুশীলনে তাদের উদ্ভাবনী নানা প্রজেক্ট উপস্থাপন করে। এ সময় তারা স্টল পরিদর্শনকারীদের কাছে নিজেদের নতুন চিন্তাধারায় আবিষ্কৃত প্রজেক্ট/প্রদর্শনীর কার্যকারিতা ব্যাখ্যা করে। এদিকে এবারের বিজ্ঞানমেলায় সৈকত সরকারি কলেজের শিক্ষার্থীরা স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপক যন্ত্র ‘অটো ফায়ার রোবট’ এবং সীমান্তে চোরাচালান বন্ধের জন্য ‘ডিজিটাল সিকিউরিটি সিস্টেম প্রজেক্ট’ উপস্থাপন করে। তবে নান্দনিকভাবে তৈরি এ প্রজেক্টটি খুবই উপযোগী ছিল। তাই সৈকত সরকারি কলেজ প্রথম স্থান অধিকার করে এবং এই বিজ্ঞান অলিম্পিয়াডে
কলেজটির ৩ জন শিক্ষার্থী ১ম, ৩য় ও ৫ম স্থান অধিকার করে। সৈকত সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জসিম উদ্দিন ভালো পারফরমেন্সের জন্য তার শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, “শিক্ষার্থীদের প্রযুক্তির মাধ্যমে নতুন নতুন সৃষ্টিশীল কর্মগুলো তাদের মেধাকে আরো বিকশিত করবে।” এছাড়াও পদার্থ বিজ্ঞানের প্রভাষক খোকন চন্দ্র মজুমদার বলেন, “উপজেলা পর্যায়ে আমরা বিজ্ঞান মেলায় প্রথম স্থান অধিকার করি এবং
আমরা প্রতি বছর উপজেলায় ভালো করতে পারি বিধায় জেলা ও বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়ে থাকি। আমরা আমাদের এই অগ্রগতি সর্বদা অব্যাহত রাখতে চাই।” বিজ্ঞান মেলা অনুষ্ঠান শেষে প্রযুক্তিগত দিক দিয়ে ভালো ইনোভেশনের জন্য সেরা ক্ষুদে বিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠান আয়োজনকারী কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :