প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৫ জানুয়ারি, ২০২৫

টেন্ডার হলেও হাতিয়ার সড়কের কাজ শুরু হয়নি এখনো, উদাসীন সওজ

উপজেলা প্রতিনিধি, হাতিয়া ; হাতিয়া উপজেলার ভূঁইয়ার হাট- জাহাজমারা প্রধান সড়কটি ২০২৪ সালের নভেম্বরে দরপত্র আহ্বান করে নোয়াখালী সড়ক ও জনপদ অধিদপ্তর। কিন্তু তিন মাস হয়ে গেলেও অধিদপ্তরের উদাসীনতায় হাতিয়ার ঝুঁকিপূর্ণ প্রধান সড়কের মেরামতের কাজ এখনো শুরু হয়নি। ফলে প্রতিমুহূর্তে ঘটে যাচ্ছে সড়ক দুর্ঘটনা। জেলা সড়ক ও জনপদ অধিদপ্তরের সূত্রে জানা যায়, হাতিয়ার ভূঁইয়ার হাট-জাহাজমারা প্রধান সড়কের মেরামতের কাজটি দু’টি প্যাকেজে হবে। এর নলচিরা থেকে ওছখালী পর্যন্ত একটা প্যাকেজ এবং খাদ্য গুদাম থেকে জাহাজমারা পর্যন্ত আরেকটা প্যাকেজ। একটি প্যাকেজে ২৩ লাখ টাকা এবং অন্যটি ৩০ লাখ টাকা। চৌধুরী এন্টারপ্রাইজ সহ দু’টি ঠিকাদারি প্রতিষ্ঠান এ মেরামতের কাজ করবে বলে জানান নোয়াখালী সড়ক ও জনপদ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. সৈকত।

হাতিয়া উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ৬ লাখ মানুষের যাতায়াত এ প্রধান সড়ক বেয়ে। প্রায় ৩০ কিলোমিটারের এ সড়কটির অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে গিয়ে ঝুঁকিপূর্ণ গর্তের সৃষ্টি হয়েছে। গর্তসমূহে যান আঁটকে বন্ধ হয়ে যায়, এতে একটির সাথে অপরটির সংঘর্ষে ঘটে দুর্ঘটনা। বিপুলসংখ্যক যানবাহনের একটি মাত্র রুট হওয়ায় দুর্ঘটনার মাত্রা ক্রমেই বেড়ে চলেছে। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত দুই মাসে এ সড়কে দুর্ঘটনায় ২ জনের মৃত্যু সহ বহু লোক মুমূর্ষু অবস্থায় চিকিৎসা নিয়েছে হাতিয়াসহ বিভিন্ন হাসপাতালে। গেল বছরের নভেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত ভুক্তভোগী আনছারুল আমীন মিঠু জানান, সড়কের বেহাল দশা না হলে এমন দুর্ঘটনা ঘটত না। সিএনজি চালক কামরু জানান, সড়কের অবস্থা খুব খারাপ হওয়ায় গাড়ির যন্ত্রাংশ ঘনঘন নষ্ট হয়ে যায়। আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যায়। আমীন এবং কালাম নামের দুই পথচারী জানান, ভাঙ্গাচুরা রাস্তায় গাড়ি চলাচলের সময় ব্যাপক ধুলাবালির কারণে পথ চলা আমাদের কষ্ট হয়ে যায়। তাই রাস্তাটি দ্রুত মেরামতের জোর দাবী জানান তারা।

সচেতন নাগরিক সমাজথহাতিয়া’র সাধারণ সম্পাদক মো. মহিব্বুল মাওলা বলেন, যেহেতু টেন্ডার প্রক্রিয়া সহ ওয়ার্ক অর্ডারও সম্পন্ন হয়েছে, সেহেতু সওজ এর নোয়াখালী অধিদপ্তরের উচিত উদাসীনতা না দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান সমূহের মাধ্যমে দ্রুত সড়ক মেরামতের কাজে হাত দেওয়া। সড়কটির বেহাল দশার তথ্য চিত্র নিয়ে ২০২৪ সালের অক্টোবর মাসের ২য় সপ্তাহে ‘প্রতিদিনের সংবাদ ‘ ও ‘ঢাকা মেইল’সহ কয়েকটি মিডিয়ায় প্রতিবেদন প্রকাশ হয়। যার পথ ধরে সড়কটি প্রাথমিক ভাবে মেরামতের জন্য টেন্ডারের ব্যবস্থা নেন সংশ্লিষ্ট বিভাগ।

এদিকে, হাতিয়া ‘ভূঁইয়ারহাট-জাহাজমারা’ সড়ক মেরামত কাজের তদারকি কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী মো. সৈকতের সাথে ঠিকাদারি প্রতিষ্ঠান সম্পর্কে কথা হলে তিনি তথ্য দানে এই প্রতিবেদক’কে মাইজদী সদরে গিয়ে আবেদন করার পরামর্শ দেন। এ বিষয়ে জেলায় সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদারের সাথে মোবাইল ফোনে বারবার কল দিয়েও যোগাযোগ করা যায়নি। ফলে সওজ এর উপবিভাগীয় প্রকৌশলী মোতাহার হোসেন মানিকের সাথে কথা হলে তিনি জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর কাছে আমরা নোটিশ পাঠাবো। যদি তারা অল্প সময়ের মধ্যে কাজ শুরু না করে, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

আরও পড়ুন

  • . এর আরও খবর