
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর ; জেলার সুবর্ণচর উপজেলায় ৩টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালিত হয়েছে।এই সময় তিনটি ইটভাটা আংশিক ভেঙ্গে দেয়া হয় এবং ইটভাটার মালিকদের ৫লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ই ফেব্রুয়ারী) বিকাল ৩টার সময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার লাকি এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন এর নেতৃত্বে সুবর্ণচর উপজেলাধীন তিনটি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩, (সংশোধনী, ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে তাহেরা ব্রিকস (বাংলা চিমনি)কে ১লক্ষ টাকা, এ. কে. ব্রিকস (বাংলা চিমনি) কে ১লক্ষ টাকা এবং আমানত ব্রিকসকে ৩লক্ষ টাকা মোট ৩ মামলায় ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।
একইসাথে পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স না থাকায় উক্ত তিনটি ইটভাটাকে ভেঙে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান সজীব বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করে তিন ফসিল জমিতে কার্যক্রম চালাচ্ছিল ব্রিকস ফিল্ড। তাদের বার বার তাগিদ দেওয়ার পরও আইনের বিষয়টি তোয়াক্কা করেননি। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন,পরিবেশের ক্ষতি করে এমন কোনো স্থাপনার কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না । অভিযানে পরিবেশ অধিদপ্তর, জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা, চরজব্বার থানা পুলিশসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী বলেন, অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :