সোনাইমুড়ীতে বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিল মিয়া বাহিনী
স্টাফ রিপোর্টার, সাইফুল ইসলাম ; জেলার সোনাইমুড়ীতে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসী ভাই মিয়া বাহিনীর প্রধান নূরনবী মিয়া ও তার সহযোগীরা। সোমবার বেলা বারোটার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের থানারহাট এলাকার মাহুতলা গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে নূর হোসেন সুমনের বাড়িতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নুর হোসেন সুমন জানান, তার সহোদর নূরনবী ওরফে মিয়া দীর্ঘদিন ধরে তার পিতার ওয়ারিশি সম্পত্তি জোরপূর্বক ভোগ দখল করে আসছে। কয়েকবার তার ওপর হামলাও করেছে। এ নিয়ে উভয়ের মধ্যে থানায় ও কোটে একাধিক মামলা রয়েছে।
সোমবার বেলা বারোটার দিকে নূরনবী ওরফে মিয়া তার অন্যান্য বাহিনীর লোকজন এনে এলাকায় জড়ো করে। একপর্যায়ে তার ভাই নূর হোসেন সুমনের বসতঘরের দরজা জানালা ভাঙচুর ও লুটপাট চালায়। পরে ঘরের ভিতর কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।মিয়াবাহিনীর লোকজন তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি-ধুমকি প্রদর্শন করে। খবর পেয়ে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। থানার এসআই কামাল হোসেন সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে জানান, নুর নবী মিয়ার এলাকায় একটি বাহিনী রয়েছে।
সে থানার হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক বলরাম কর্মকার, মহিউদ্দিন, রেজাউল হককে মারধর করার অভিযোগে মামলা রয়েছে।এই ঘটনায় ১৬ ফেব্রুয়ারি মিয়া বাহিনীর বিরুদ্ধে মাদ্রাসার শিক্ষক, ছাত্রছাত্রীরা বিচারের দাবিতে মানববন্ধন করেন। জয়াগ ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ শামীম জানান, নূরনবী মিয়ার বিচারের দাবিতে থানারহাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্রছাত্রীরা গতকাল রবিবার মানববন্ধন করেছেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী, মাদক ও ভূমি দখলের একাধিক অভিযোগ রয়েছে। সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম জানান, সম্পত্তি বিরোধের জেরে সুমনের ঘরে আগুন দিয়েছে তার অপর ভাই নূরনবী মিয়া। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।
আপনার মতামত লিখুন :