
মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার : জমিজমা সংক্রান্ত বিভেদের জেরে এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার সকালে (৩০ এপ্রিল) সোনাইমুড়ী উপজেলার বজরা এলাকায় এই ঘটনা ঘটে।
মারধরের শিকার ওই বৃদ্ধা বজরা শাহী মসজিদ সংলগ্ন আকরাম আলী বাড়ির মৃত আবু মিয়ার স্ত্রী বিলকিস বেগম।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, বিবাদমান জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গৃহ নির্মাণের কাজ চলাকালে বাধা দেওয়ায় ওই বৃদ্ধাকে মারধর করেন প্রতিবেশি সুরমা আক্তার ও তার ছেলে সাহাদাত হোসেন।
বিলকিস বেগম বলেন, তিনি বিধবা মহিলা। মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে তার সংসার চলে। তার সম্পত্তির জমির দলিলের ওপরে মামলা দিয়েছেন প্রতিবেশি সুরমা আক্তার। আদালত সেই জমিতে উভয়পক্ষের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করে ওই জমিতে ঘর তুলছিলেন প্রতিপক্ষ। ঘর তোলার বিরোধিতা করলে তাকে মারধর করেন প্রতিপক্ষ সাহাদাত হোসেন। মেয়ে স্বপনা বেগম বাঁচাতে আসলে তাকেও মারধর করে প্রতিপক্ষ সুরমা আক্তার।
হামলার শিকার স্বপনা বেগম বলেন, এর আগে বিবাদমান ওই জমি থেকে অন্যায় ভাবে গাছ কেটে নেয় হামলাকারীরা। ওই ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সোনাইমুড়ী থানায় অভিযোগ করেছিলেন তার মা বিলকিস বেগম। তারা এই ঘটনার বিচার দাবি করেছেন।
অপরদিকে বিবাদমান জমির আরেক পক্ষ সুরমা আক্তার জানান, আদালতের নিষেধাজ্ঞা থাকলেও এই জমিতে অপরপক্ষ বিভিন্ন সময় স্থাপনা নির্মাণ করলেও তিনি কখনো বাঁধা দেননি। বন্যায় তার বসতঘর ভেঙে পড়ায় তিনি নতুন করে ঘর তুলছিলেন এখন অপরপক্ষ এসে বাধা দেওয়ার চেষ্টা করলে হাতাহাতির ঘটনা ঘটে। তাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন সুরমা আক্তার।
আপনার মতামত লিখুন :