• ঢাকা
  • মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৫ মে, ২০২৫

হাতিয়ায় তাপদাহে ৭ ছাত্রী অসুস্থ

মো. সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : হাতিয়ায় তীব্র তাপদাহের কারণে নন্দ কুমার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাতজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে সবাইকে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের লক্ষিদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শিক্ষার্থীরা সকালের অ্যাসেম্বলিতে অংশ নেয় এবং এরপর যথারীতি ক্লাস শুরু হয়। কিছুক্ষণ পর বিদ্যালয়ের টিনশেড ভবনের একটি কক্ষে কয়েকজন ছাত্রী মাথা ঘোরা ও অসুস্থতা অনুভব করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাগর চন্দ্র দাস জানান, “বিদ্যালয়ের অবকাঠামো খুবই দুর্বল। টিনশেড ভবনের সংকীর্ণ কক্ষে গাদাগাদি করে ক্লাস নিতে হয়। বর্তমানে প্রচণ্ড তাপদাহের মধ্যে ক্লাস চলাকালে ৭ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। আমরা তাৎক্ষণিকভাবে স্থানীয় পল্লী চিকিৎসক ডেকে এনে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি এবং পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত উপসহকারি মেডিকেল অফিসার মো. সামছুদ্দিন বলেন, “তীব্র গরমের কারণে হিটস্ট্রোকের মতো উপসর্গ নিয়ে কয়েকজন ছাত্রীকে হাসপাতালে আনা হয়। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের অবস্থার উন্নতি ঘটিয়েছি। বর্তমানে তারা আগের চেয়ে অনেকটাই ভালো আছে।”

অসুস্থ শিক্ষার্থীরা হলো সুরাইয়া আক্তার (৮ম শ্রেণি), আফিফা খাতুন (১০ম শ্রেণি), ফাতেমা বেগম (১০ম শ্রেণি) সহ আরও চারজন।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকরা জানিয়েছেন, এমন চরম গরমে বিদ্যালয়গুলোতে বিশেষ সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে। তারা দ্রুত বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়।

আরও পড়ুন

  • . এর আরও খবর