প্রকাশিত: ১৯ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৯ মে, ২০২৫

দৈনিক সফল বার্তা’র সম্পাদক বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের প্রতিবাদে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, সদর : দৈনিক সফল বার্তা পত্রিকার প্রকাশ ও সম্পাদক এবং বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে মিথ্যা ও বানোয়াট চাঁদাবাজির মামলা দায়ের করায় আগামী ১০ দিনের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার এবং পত্রিকার অফিস খুলে দেওয়ার দাবিতে জেলা বিএনপির সদস্য, ৪নং কাদির হানিফ ইউনিয়ন সভাপতি আবদুল মোতালেব আপেলের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন সাংবাদিকরা।

রবিবার ১৮ মে সকালে নোয়াখালী প্রেস ক্লাবের সামনের সড়কে জেলার প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসূফের সভাপতিত্বে ও সাপ্তাহিক চলতি ধারা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম.বি আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি বোরহান উদ্দিন, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মিজানুর রহমান, এন.টিভির স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ, যমুনা টিভির জেলা প্রতিনিধি মুনতাসিম বিল্লাহ সবুজ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মানিক ভূঁইয়া, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, নাগরিক টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহেল, জাগো নিউজের জেলা প্রতিনিধি ইকবাল হোসেন মজনু, আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি আজাদ ভূঁইয়া, আমার সংবাদের জেলা প্রতিনিধি ইমাম উদ্দিন আজাদ প্রমূখ।

এসময় চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার সুমন ভৌমিক, সাংবাদিক জামাল হোসেন বিশাদ, জি টিভির জেলা প্রতিনিধি বিকাশ সরকার, নোয়াখালী প্রতিদিনের নির্বাহী সম্পর্ক বিধান ভৌমিক, এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান, সাংবাদিক একে এম ফারুক, দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি নুর রহমান, মাই টিভির জেলা প্রতিনিধি ইউনুস শিকদার, বাংলা ভিশনের ডিজিটাল প্রতিনিধি কামরুল কানন, মানব জমিনের কবিরহাট উপজেলা প্রতিনিধি জহিরুল হক জহির, ইনকিলাবের কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি আনোয়ার তোহা, ভোরের কাগজের সুবর্ণচর উপজেলা প্রতিনিধি লিটন দাস, হাতিয়া কন্ঠ পত্রিকার সম্পাদক এম দিলদার উদ্দিন, সাংবাদিক মোজ্জামেল হোসেন কামাল, নয়া সকাল সম্পাদক জুয়েল রানা লিটন, ডেইলি ক্যাম্পাস জেলা প্রতিনিধি মাহমুদ ফয়সালসহ জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ জেলা শহরের সমবায় ব্যাংক লিমিটেড মার্কেটের সালামির মাধ্যমে মালিকানা গ্রহণকারী ব্যবসায়ীদের জোরপূর্বক বের করে দিয়ে মার্কেটের দোকানগুলো দখল করার চেষ্টা করছে জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব আপেলসহ একটি চক্র।

এই নিয়ে মার্কেটের দোকান মালিকরা ফুঁসে ওঠেছে। ওই জোরপূর্ব দখল কর্মযজ্ঞের অংশ হিসেবে মার্কেটের নিচ তলায় অবস্থিত দৈনিক সফল বার্তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় আবদুল মোতালেব আপেল ও তাঁর চক্রের সদস্যরা। এই নিয়ে গত ১ জানুয়ারী, ৪ জানুয়ারী ও ২০ জানুয়ারী দখলবাজ আবদুল মোতালেব আপেলের বিরুদ্ধে দৈনিক সফল বার্তা পত্রিকায় সিরিজ সংবাদ প্রকাশ করা হয়।

বক্তারা বলেন, ওই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জের ধরে বিএনপি নেতা আবদুল মোতালেব আপেল গত ১৩ মে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেলার সিনিয়র সাংবাদিক দৈনিক সফল বার্তা পত্রিকার সম্পাদক অধ্যাপক লিয়াকত আলী খানের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মিথ্যা মামলা দায়ের করেন।

বক্তারা সাংবাদিক লিয়াকত আলী খানের বিরুদ্ধে করা মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে ১০ দিনের আল্টিমেটাম দেন। একই সঙ্গে দৈনিক সফল বার্তা পত্রিকার কার্যালয় খুলে দেওয়ার দাবি জানান।

এছাড়া মানববন্ধন কর্মসূচি থেকে দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার, সাংবাদিক নির্যাতন ও বন্ধের দাবি তোলেন সাংবাদিকরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর