• ঢাকা
  • রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৯ মে, ২০২৫

হাতিয়ায় উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : উৎসব ভাতা শতভাগ উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি পালন করছেন হাতিয়ার বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা। বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারি পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে এ কর্মবিরতি পালন করছেন কর্মচারীরা।

হাতিয়ার বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত কর্মচারীরা নিজ নিজ প্রতিষ্ঠানে অবস্থান করলেও তারা সকল প্রকার দাপ্তরিক কার্যক্রম থেকে বিরত থাকেন। সংগঠনের হাতিয়া শাখার সভাপতি মো. আকরাম হোসেন কর্মসূচির বিষয়ে সাংবাদিকদের জানান, এর আগে বুধবার (২৮ মে) তারা অর্ধদিবস কর্মবিরতি পালন করেন। তবে বৃহস্পতিবার থেকে পূর্ণদিবস কর্মসূচি পালন শুরু হয়েছে।

তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে উৎসব ভাতা শতভাগ করার দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার এখনো আমাদের দাবির প্রতি কোনো সাড়া দেয়নি। শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হলেও আমাদের অবহেলা করা হয়েছে।”

এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক এমলাক হোসেন জানান, অন্তবর্তীকালীন সরকার এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ২৫ শতাংশ বাড়ালেও কর্মচারীদের ভাতা অপরিবর্তিত রাখা হয়েছে, যা সম্পূর্ণ বৈষম্যমূলক। তিনি বলেন, “আমাদের দাবি মানা না হলে ঈদের পরে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আন্দোলনরত এক কর্মচারী, তৃতীয় শ্রেণির সদস্য আমিরুল ইসলাম বলেন, “সারা দেশের ন্যায় হাতিয়াতেও কর্মচারীরা অনেক কষ্টে জীবনযাপন করছেন। স্বল্প বেতনে চাকরি করে আমাদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বহুদিন ধরে দাবি জানিয়ে আসলেও সরকার কোনো গুরুত্ব দেয়নি। বাধ্য হয়েই আমরা আন্দোলনে নেমেছি।

সংগঠনের নেতারা জানান, এর আগেও তারা শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছিলেন। তখন আশ্বাস দেওয়া হলেও সেটি বাস্তবায়ন না হওয়ায় তারা হতাশ হয়ে কর্মবিরতির সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন

  • . এর আরও খবর