প্রকাশিত: ৯ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ৯ জুন, ২০২৫

সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসা প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

মোহাম্মদ হানিফ, নিজস্ব প্রতিনিধি : সোনাইমুড়ী হামিদিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার গৌরবোজ্জ্বল ১০০ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য ঈদ প্রীতি সমাবেশ, রেলি এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৯ জুন) মাদ্রাসার মিলনাস্থলে আয়োজিত এই সমাবেশ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ মনির। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা হেফজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাশিপুর ফাজিল মাদ্রাসার সাবেক প্রধান শিক্ষক মাওলানা ইসমাইল হোসেন, নীলাম হাট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মাইনুদ্দিন ভূঁইয়া, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন ভূঁইয়া এবং সোনাইমুড়ী আইডিয়াল মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল মতিন।

এছাড়াও উপস্থিত ছিলেন এডভোকেট শাহজালাল ভূঁইয়া, এডভোকেট ইদ্রিস মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং মাদ্রাসার শুভানুধ্যায়ীরা।

বক্তারা মাদ্রাসার ১০০ বছরের শিক্ষাসেবার ভূয়সী প্রশংসা করেন এবং এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ মনির তাঁর বক্তব্যে মাদ্রাসার ঐতিহ্য ও বর্তমান শিক্ষা কার্যক্রমের উপর আলোকপাত করেন।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা হেফজুর রহমান নবগঠিত এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং মাদ্রাসার উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে একটি বর্ণাঢ্য র্রেলি মাদ্রাসা থেকে বের হয়ে সোনাইমুড়ী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্রেলিতে অংশগ্রহণকারীরা মাদ্রাসার শতবর্ষী সাফল্য ও ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন বহন করেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে এক নতুন সেতুবন্ধন তৈরি হলো, যা মাদ্রাসার ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর