প্রকাশিত: ২১ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ২১ জুন, ২০২৫

হাতিয়ায় জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ তাঁতীদল নেতার বিরুদ্ধে

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : হাতিয়ায় রাতের অন্ধকারে এক ব্যক্তির জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলা তাঁতীদলের উত্তর শাখার সদস্য সচিব ইব্রাহীম খলিল ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভূক্তভোগী ফখরুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার হরনী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আজিম নগর এলাকায়। অভিযোগে অভিযুক্ত ইব্রাহীম খলিল হরনী ইউনিয়নের জাফরের ছেলে। তার সঙ্গে বাচ্চু, মানিক, আরিফসহ আরও কয়েকজন সহযোগীও জড়িত বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ফখরুল ইসলাম চাকুরির সুবাদে চট্টগ্রামে অবস্থান করছিলেন। হঠাৎ মোবাইল ফোনে এক প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন, কেউ তার জমি কেটে সেখানে রাস্তা তৈরি করে ফেলেছে। পরে তিনি বাড়িতে ফিরে এসে দেখেন, রাতের আঁধারে খলিল ও তার সহযোগীরা তার চাষাবাদকৃত জমি কেটে রাস্তা নির্মাণ করেছেন। এসময় বাধা দিতে গেলে তারা তাকে হুমকি দেন। পরে তিনি চেয়ারম্যানঘাট পুলিশ ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন।

ফখরুল ইসলাম বলেন, “খলিল ও তার লোকজন আমার বহু গাছ কেটে জমি দখল করে রাস্তা বানিয়েছে। এমনকি মাটি কেটে পুকুরও তৈরি করেছে। এতে আমার চাষাবাদ বন্ধ হয়ে গেছে। আমি অভিযোগ করায় তারা হুমকি দিচ্ছে। মূলত নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে এই কাজ করছে খলিল।”

এ বিষয়ে অভিযুক্ত ইব্রাহীম খলিল বলেন, “এলাকার কিছু মানুষ চলাচলের রাস্তা না থাকায় চেয়ারম্যানের অনুমতি নিয়ে নিজেরাই রাস্তা তৈরি করেছেন। আমি এতে জড়িত নই।

চেয়ারম্যানঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ আব্দুল বাতেন বলেন, “আমি সরেজমিন তদন্ত করেছি। তারা জোরপূর্বক অন্যায়ভাবে রাস্তা নির্মাণ করেছে। আমি ভূক্তভোগীকে আদালতে মামলা করার পরামর্শ দিয়েছি।

জেলা তাঁতীদলের আহ্বায়ক ইকবাল করিম সোহেল বলেন, “দলের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি আমি খোঁজ নিচ্ছি।”

আরও পড়ুন

  • . এর আরও খবর