
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে এক প্রবাসী পরিবারের বাড়িতে উড়ো চিঠির মাধ্যমে ভয়াবহ ডাকাতির হুমকি দেওয়া হয়েছে। শুধু ডাকাতিই নয়, চিঠিতে পরিবারের সদস্যদের প্রাণনাশ এবং নারী সদস্যকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনাটি ঘটেছে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে, হালিমের দোকানসংলগ্ন মো. সিরাজ মিয়ার বাড়িতে।
ভুক্তভোগী মো. সিরাজ মিয়া জানান, তার ছেলে কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তান নিয়ে ইতালিতে বসবাস করছেন। সম্প্রতি তিনি ছুটি নিয়ে দেশে ফিরেছেন। বুধবার (২ জুলাই) রাত ৮টার দিকে অজ্ঞাত পরিচয় ব্যক্তি বা ব্যক্তিরা তাদের বাড়ির মূল ফটকের নিচ দিয়ে একটি উড়ো চিঠি ফেলে রেখে যায়।
চিঠিতে সিরাজ মিয়াকে উদ্দেশ্য করে বলা হয়-বাড়িতে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ রাখতে হবে, অন্যথায় তার ছেলে ও নাতিকে হত্যা এবং ছেলের স্ত্রীকে যৌন সহিংসতার শিকার করার হুমকি দেওয়া হয়।
চিঠির ভাষা ছিল অশ্লীল, হিংসাত্মক ও স্পষ্ট হত্যার ইঙ্গিতপূর্ণ, যা পড়ে আতঙ্কে পড়ে যায় পরিবারটি।
চিঠির ছবি ও বিষয়বস্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মাঝে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মোহাম্মদ ফৌজুল আজিম বলেন, “বিষয়টি জানার পর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের দুটি ইউনিটকে আলাদা করে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা রাতভর টহল দিচ্ছে। ইতোমধ্যে একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।”
স্থানীয়রা বলছেন, এ ধরনের হুমকি শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :