প্রকাশিত: ২০ জুলাই, ২০২৫
সর্বশেষ আপডেট : ২০ জুলাই, ২০২৫

কামাল মিস্ত্রি ও নবীর ডুবাইর নেতৃত্বে বিএনপি নেতার উপর সন্ত্রাসী হামলা

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের কাজির বাজার এলাকায় বিএনপি নেতা রিপন চন্দ্র দাসের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে হামলার পর গুরুতর আহত অবস্থায় তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত রিপন চন্দ্র দাস চরঈশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি জানান, দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা সদর ওছখালী থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কাজির বাজার এলাকায় পৌঁছালে তার গতিরোধ করে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীরা। হামলাকারীদের নেতৃত্বে ছিলেন কামাল মিস্ত্রি ও নবীর ডুবাই। এসময় আরও ১৫-২০ জন হামলায় অংশ নেয় বলে অভিযোগ করেছেন রিপন।

রিপন চন্দ্র দাস বলেন, “হঠাৎ করে তারা আমার মোটরসাইকেলের সামনে এসে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই লোহার রড়, শাবল, করাত ও হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। যদি নৌবাহিনীর টহল গাড়ি তখন না আসত, তারা আমাকে মেরে ফেলত। পরে নৌবাহিনীর গাড়ি দেখে তারা পালিয়ে যায়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে অভিযুক্ত কামাল মিস্ত্রি বলেন, “সরকারি খাস জায়গায় ঘর করেছিলাম, প্রশাসন এসে ঘর ভেঙে দিয়েছে। এই কারণে রাগের বশে রিপন চন্দ্র দাসকে আঘাত করেছি।

তবে নবীর ডুবাই তার সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, “আমি ঘটনার সময় সেখানে ছিলাম না। শুধু শুনেছি কামাল মিস্ত্রি রিপনকে আঘাত করেছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল মিস্ত্রি ও নবীর ডুবাই চরঈশ্বর ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত সাবেক চেয়ারম্যান আবদুল আজাদের অনুসারী হিসেবে পরিচিত।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, “সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে আহত রিপনকে দেখে এসেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন

  • . এর আরও খবর