
উপজেলা প্রতিনিধি, হাতিয়া : কোস্টগার্ড শুক্রবার ভোরে উপজেলার চরঈশ্বর বাংলাবাজার মাছঘাট থেকে ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২৯টি হাতবোমাসহ এক ব্যক্তিকে আটক করেছে। বিকেলে এক প্রেসব্রিফিংয়ে কোস্টগার্ড এ তথ্য নিশ্চিত করে।
আটক ব্যক্তির নাম আবু বকর সিদ্দিক (ডাকনাম: নিজাম)। তিনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্দা।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাবাজার ঘাট থেকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মোতাবেক বাংলাবাজার মাছঘাটে থাকা তার আড়তে তল্লাশি চালিয়ে ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি বগি দা এবং ২৯টি হাতবোমা জব্দ করা হয়েছে।
আটক নিজাম দীর্ঘদিন ধরে এই ঘাটে অবস্থান করে মাছের ব্যবসার সঙ্গে জড়িত থেকে বিভিন্ন অপকর্ম করে আসছেন বলে কোস্টগার্ড দাবি করেছে। কোস্টগার্ডের অভিযানের সময়ে বাংলাবাজার মাছ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আকতার হোসেন কিরণ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, “আটক আবু বকর সিদ্দিককে জব্দ করা অস্ত্রসহ হাতিয়া থানায় সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।”
আপনার মতামত লিখুন :