
মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার : দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোনাইমুড়ী চৌরাস্তার খালের ওপর গড়ে ওঠা শত শত অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত-এর নেতৃত্বে পরিচালিত এই সাঁড়াশি অভিযানে খালের দুই পাড়ের সকল অবৈধ দোকানপাট ও স্থাপনা ভেঙে ফেলা হয়।
দীর্ঘদিনের দখল, ভোগান্তি চরমে বহু বছর ধরে প্রভাবশালীরা খালের জায়গা দখল করে দোকানপাট ও স্থাপনা নির্মাণ করায় খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল। এতে করে সামান্য বৃষ্টিতেই চৌরাস্তা এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো, যা স্থানীয় বাসিন্দা ও পথচারীদের জন্য ছিল চরম ভোগান্তির কারণ। পাশাপাশি পরিবেশও মারাত্মকভাবে দূষিত হচ্ছিল। স্থানীয়রা দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়ে আসছিলেন।
সোনাইমুড়ী খাল উচ্ছেদ অভিযানের ফলে খালের প্রশস্ততা বেড়েছে এবং পানিপ্রবাহ স্বাভাবিক হয়েছে। এতে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এই উচ্ছেদের ফলে আমাদের দীর্ঘদিনের কষ্ট দূর হলো। এখন খালটি আবার তার প্রাণ ফিরে পাবে।
অভিযান চলাকালীন সময়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে যাতে কেউ আবার খাল দখল করতে না পারে, সেজন্য নিয়মিত তদারকি করা হবে।
আপনার মতামত লিখুন :