প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৯ আগস্ট, ২০২৫

সোনাইমুড়ী শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ : খেলাধুলায় সুস্থ ভবিষ্যৎ গড়ার প্রত্যয়

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার : সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর দেড়টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সামগ্রী বিতরণ করা হয়। সুস্থ জাতি গঠনে শিক্ষার্থীদের খেলাধুলায় গুরুত্বারোপ করে এ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জেলার প্রশাসক জনাব খন্দকার ইশতিয়াক আহমেদ।

উপজেলা প্রশাসন, সোনাইমুড়ীর উদ্যোগে এবং উপজেলা পরিষদ, সোনাইমুড়ীর অর্থায়নে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব নাহরিন আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অপরিহার্য। এটি কেবল শরীরচর্চা নয়, বরং শৃঙ্খলা, নেতৃত্ব এবং দলগত মনোভাবের মতো গুরুত্বপূর্ণ গুণাবলি বিকাশেও সহায়তা করে। একটি সুস্থ ও কর্মঠ জাতি গঠনে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা আমাদের সকলের দায়িত্ব। তিনি ক্রীড়া সামগ্রী বিতরণের এই সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার  নাহরিন আক্তার বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী করে তোলার লক্ষ্যে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের বিশ্বাস, এই ক্রীড়া সামগ্রী বিতরণের মাধ্যমে শিক্ষার্থীরা আরও বেশি উৎসাহিত হবে এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ পাবে।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীনে আলম জান্নাত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নতুন ক্রীড়া সামগ্রী হাতে পেয়ে শিক্ষার্থীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানায়। এই উদ্যোগের ফলে সোনাইমুড়ীর শিক্ষার্থীরা খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর