• ঢাকা
  • রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ২০ আগস্ট, ২০২৫

অভ্যন্তরীণ বিভেদে বিশ্বজুড়ে মুসলিম জাতির সংকট তৈরী হয়েছে : সেলিম  

নিজস্ব প্রতিবেদক : হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বিশ্বব্যাপী মুসলিমদের বর্তমান সংকটময় পরিস্থিতি তুলে ধরে বলেন, আজ বিশ্বজুড়ে মুসলিম জাতি চরম নির্যাতন ও নিপীড়নের শিকার। এই অপমানজনক পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র উপায় হলো মুসলিম বিশ্বের ঐক্য। ঐক্যবদ্ধ হতে না পারলে মুসলিমদের মুক্তির আর কোনো পথ খোলা নেই।

তিনি মুসলিমদের অভ্যন্তরীণ বিভেদকে এই সংকটের মূল কারণ হিসেবে চিহ্নিত করে বলেন, দুঃখজনক হলেও সত্য, মুসলিম জাতি আজ নানা ফেরকা, মাজহাব এবং দল-উপদলে বিভক্ত হয়ে পড়েছে। তারা একে অপরের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত। এই আত্মঘাতী বিভক্তি মুছে ফেলে মুসলিমদেরকে এক কালেমার পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সোনাইমুড়ী উপজেলার শহীদী জামে মসজিদ প্রাঙ্গণে  জেলার হেযবুত তওহীদের উদ্যোগে দিনব্যাপী কর্মী সম্মেলনে সন্ধ্যায় সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঐক্যের মূল ভিত্তি কী হবে, তা ব্যাখ্যা করে হেযবুত তওহীদের এমাম বলেন, “লা ইলাহা ইল্লাল্লাহ- অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা, বিধানদাতা নেই- তওহীদের এই ঘোষণাই হতে পারে মুসলিম বিশ্বের মুক্তির মূলমন্ত্র। এই এক ঘোষণার উপর পুরো মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। তবেই আল্লাহর সাহায্য আসবে এবং মুসলিমরা তাদের হারানো গৌরব ফিরে পাবে।”

তিনি বলেন, “হেযবুত তওহীদের এই ঐক্যের আহ্বান, ইসলামের এই বাস্তবিক শিক্ষা আজ বাংলার প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। একটি শান্তিময় ও সম্প্রীতির সমাজ গড়ে তোলার জন্য আপনাদের জীবন ও সম্পদ উৎসর্গ করে নিরলস সংগ্রাম চালিয়ে যেতে হবে।”
দিনব্যাপী এই সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এতে পুরুষদের পাশাপাশি নারী কর্মীদের স্বতঃস্ফূর্ত ও সুশৃঙ্খল অংশগ্রহণও ছিল। দিনভর বিভিন্ন কর্মসূচিতে তওহীদের আলোকে সমাজ গঠনে কর্মীদের করণীয় বিষয়ে আলোচনা করেন সংগঠনের শীর্ষ নেতারা।

আরও পড়ুন

  • . এর আরও খবর