
উপজেলা প্রতিনিধি, হাতিয়া : হাতিয়ায় পূজার চাঁদা সংগ্রহে না যাওয়াকে কেন্দ্র করে দোকানে ঢুকে হামলা ও তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট হাতিয়া উপজেলা আহ্বায়ক ও যুবদল নেতা রিপন চন্দ্র দাসের বিরুদ্ধে।
ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী শিপন চন্দ্র দাস হাতিয়া থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ফুটেজে দেখা যায়, রিপন চন্দ্র দাস হঠাৎ দোকানে ঢুকে চেয়ারে বসা শিপন চন্দ্র দাসকে মারধর করেন। এসময় দোকান মালিক পল্লীচিকিৎসক ছোটন চন্দ্র দাস বাধা দিলে তাকেও আক্রমণের চেষ্টা করেন রিপন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দোকান থেকে বের করে দেওয়া হয়। ঘটনাটি উপজেলার চরইশ্বর ইউনিয়নের জহরলাল মার্কেটে ঘটে।
ভুক্তভোগী শিপন চন্দ্র দাস জানান, “আমাদের এলাকায় ব্রজবাসী চৌকিদার বাড়িতে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। পূজার চাঁদা তুলতে না যাওয়ায় রিপন আমার ওপর হামলা চালায়। বিচার চাইতে গেলে আবারও মারধরের হুমকি দেয়। সে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় ভয়ভীতি সৃষ্টি করছে।
দোকান মালিক ছোটন চন্দ্র দাস বলেন, “রিপন দোকানে ঢুকে শিপনকে মারধর করে। আমি বাধা দিলে আমাকেও আক্রমণ করতে উদ্যত হয়। এমনকি বিদ্যুতের মিটার কেটে দেওয়া ও দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।
অভিযোগের বিষয়ে রিপন চন্দ্র দাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা বলেন,
“রিপন চন্দ্র দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :