
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : উপজেলা হাতিয়ার গর্বের সন্তান তামজিদ উদ্দিন আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চর চেঙ্গা গ্রামের এনায়েত হোসেনের ছেলে তামজিদ বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের মাস্টার্সের ছাত্র। পাশাপাশি তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরে ছাত্র অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে তিনি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই নয়, জাতীয় রাজনীতির অস্থির সময়েও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে তাঁর অগ্রণী ভূমিকা শিক্ষার্থীদের কাছে এখনো অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।
চাকসু নির্বাচনে ভিপি পদকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। শিবির, ছাত্রদল ও বামধারার ঐক্যবদ্ধ প্যানেলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তামজিদ উদ্দিন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাঁর প্রার্থিতা ভিপি পদে প্রতিযোগিতাকে আরও কঠিন করে তুলেছে।
তামজিদের পিতা এনায়েত হোসেন বলেন, “আমার ছেলে ছোটবেলা থেকেই ন্যায়-অন্যায়ের পার্থক্য বুঝতো। আজ সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়।
স্থানীয় বাসিন্দা শাহেদুল ইসলাম জানান, “তামজিদ সবসময় সমাজসেবায় এগিয়ে এসেছে। শিক্ষার্থীদের অধিকার আদায়ে তার লড়াকু মানসিকতা আমাদের হাতিয়ার গর্ব।
শিক্ষক আবদুল হক বলেন, “তামজিদ শুধু মেধাবী ছাত্রই নয়, সাহসী নেতৃত্বও রাখে। গণআন্দোলনে তার ভূমিকা গণমাধ্যমে আমরা দেখেছি। সে নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক পরিবর্তন আনবে।”
সহপাঠীদের ভাষায়, সাহসিকতা, সংগঠিত নেতৃত্ব এবং নীতির প্রতি অটল অবস্থান তাঁকে সাধারণ শিক্ষার্থীদের আস্থার প্রতীক করে তুলেছে।
নিজের প্রার্থিতা প্রসঙ্গে তামজিদ উদ্দিন বলেন, “আমি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে দুর্নীতি ও সেশনজটমুক্ত একটি গণতান্ত্রিক পরিবেশের ক্যাম্পাসে রূপ দিতে চাই। শিক্ষার্থীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সর্বদা কাজ করে যাব, ইনশাআল্লাহ।”
আপনার মতামত লিখুন :