• ঢাকা
  • সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৪ অক্টোবর, ২০২৫

মার্শের বিধ্বংসী সেঞ্চুরিতে সিরিজ অস্ট্রেলিয়ার

মিচেল মার্শের বিধ্বংসী সেঞ্চুরিতে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতল অজিরা। দ্বিতীয় ম্যাচ হয়েছিল পরিত্যক্ত।

মাউন্ট মাঙ্গানুইয়ের বে ওভালে আজ কিউইদের দেওয়া ১৫৭ রানের লক্ষ্য ১২ বল হাতে রেখেই তাড়া করেছে অস্ট্রেলিয়া। চ্যাপেল-হ্যাডলি সিরিজের ট্রফি এবারও ধরে রাখল সফরকারীরা।

১৫৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন মার্শ। একপ্রান্ত আগলে রেখে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক হাঁকান তিনি। যদিও অপরপ্রান্তে একের পর এক উইকেট হারায় অজিরা, মার্শ ছিলেন অপ্রতিরোধ্য। ৫২ বলে ১০৩ রানের অপরাজিত থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন। ইনিংসে সাজানো ছিল ৮টি চার ও ৭টি ছক্কা। অষ্ট্রেলিয়ার বাকি আট ব্যাট করতে নামা আট ব্যাটার মিলে করেন মাত্র ৪৯ রান।

অ্যারন ফিঞ্চ ও শেন ওয়াটসনের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন মার্শ। রানের সেঞ্চুরির পাশাপাশি এই ম্যাচে কুড়ি ওভারের ক্রিকেটে ছক্কার সেঞ্চুরিও করেছেন তিনি। গ্লেন ম্যাক্সওয়েল, ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের পর এ কীর্তি গড়েছেন মার্শ।

টি-টোয়েন্টিতে রান তাড়া করে সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার তৃতীয় ব্যাটার হলেন মিচেল মার্শ। তার আগে গ্লেন ম্যাক্সওয়েল ও টিম ডেভিড করেছিলেন রান তাড়ায় সেঞ্চুরি। এই সংস্করণে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এখন মার্শের দখলে। ছাড়িয়ে গেছেন রিকি পন্টিংয়ের ৯৮ রানের ইনিংসকে।

টসে জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। শুরুতেই ডেভন কনওয়েকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তবে আরেক ওপেনার টিম সেইফার্ট নিউজিল্যান্ডের ইনিংসকে এগিয়ে নিতে থাকেন। সেইফার্ট ৪৮ রান করে ফেরার পর শেষ দিকে মাইকেল ব্রেসওয়েলের ২৬ ও জিমি নিশামের ২৫ রানের কল্যাণে ৯ উইকেটে ১৫৬ রানে থামে কিউইদের ইনিংস।

অস্ট্রেলিয়ার হয়ে শন অ্যাবট ৩ উইকেট নেন, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউডের শিকার ২টি করে উইকেট। ম্যাচ ও সিরিজসেরা মিচেল মার্শ।

আরও পড়ুন

  • . এর আরও খবর